সামনে এগোতে চায় ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরিয়ম আফরোজ ও রিনতি আক্তার
মরিয়ম আফরোজ ও রিনতি আক্তার

মরিয়ম আফরোজ ও রিনতি আক্তার। দুজনই হতদরিদ্র ঘরের। পড়াশোনা চালিয়ে যেতে মরিয়মকে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতে হয়েছে। রিনতিকে করতে হয়েছে বাড়ির আঙিনায় সবজির চাষ। শত প্রতিকূলতার মধ্যেও তারা নিরলসভাবে পড়াশোনা চালিয়ে গেছে। ফলও পেয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখায় তারা জিপিএ-৫ পেয়েছে।
সকাল-সন্ধ্যা পাশের বাড়িতে ঝিয়ের কাজ করত মরিয়ম। রাতে গৃহকর্তার ছেলেমেয়েদের পড়াত। এর বাইরে মায়ের কাজে সহযোগিতা করত। ভোরে ও টিফিনের ফাঁকে নিজের পড়াশোনা তৈরি করত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিণাবাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্রী মরিয়ম। ২০১০ সালে উপজেলার ডুমুরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল সে। ২০১৩ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায়ও জিপিএ-৫ পায় মরিয়ম।
উপজেলার ডুমুরগাছা গ্রামের দিনমজুর মতিয়ার রহমান ও গৃহিণী মোর্শেদা বেগমের সন্তান মরিয়ম। তিন ভাইবোনের মধ্যে মরিয়ম সবার বড়। তার ছোট দুই ভাই মিলাদ মণ্ডল নবম ও মিলন মণ্ডল চতুর্থ শ্রেণিতে পড়ে।
মরিয়মের প্রতিবেশী আবদুল গনি প্রধান বলেন, সংসারে অভাব-অনটনের কারণে অষ্টম শ্রেণিতে মরিয়মের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়। তখন একই গ্রামের এক স্কুলশিক্ষকের বাড়িতে তার কাজের ব্যবস্থা করে দেওয়া হয়।
মরিয়ম বলে, ‘আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই। কিন্তু জানি না, কত দূর যেতে পারব। আমার স্বপ্ন পূরণ হবে কি না!’ মা মোর্শেদা বেগম বলেন, ‘ছোলট্যা পাস করি হামাক চিনতাত ফ্যালাচে। এ্যাকন বড় কেলাসোত ক্যামন করি পড়ামো, ট্যাকা পামো কোটে?’
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বেগুনগাঁও গ্রামের আবদুল মতিনের মেয়ে রিনতি। ১৫ শতক বসতভিটার ওপর একটিমাত্র জরাজীর্ণ মাটির ঘরই পরিবারের সম্বল। রিনতির বাবা দুই বছর ধরে বেকার। এর আগে একটি বাসস্টেশনে টিকিট বিক্রি করতেন। মা প্রতিবেশীদের বাড়িতে রান্নার কাজে সহায়তা করেন। রিনতি পড়াশোনার পাশাপাশি বাড়ির ভিটেতে শাকসবজির চাষ করত।
রিনতির মনোবল দৃঢ়। সে বলে, ‘আমার দাদা মহিরউদ্দীন শহীদ মুক্তিযোদ্ধা। এক যুদ্ধে তিনি দেশের জন্য জীবন দিয়ে গেছেন। আমিও চিকিৎসক হয়ে দুস্থ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।’