সামনে এগোতে হলে সব জাতি ধর্মের মানুষকে সঙ্গে নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাঙালি জাতি ও ইসলামধর্মের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য অন্যান্য জাতি, ধর্ম ও মতের মানুষ কোণঠাসা হয়েছে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে সব জাতি, ধর্ম ও মতের মানুষকে সঙ্গে নিয়ে এগোতে হবে। সবার মত ও অধিকারকে গুরুত্ব দিতে হবে।গতকাল রোববার ‘ইসলাম ও রাজনীতি’ শীর্ষক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে বক্তারা এসব মন্তব্য করেন।ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (বিডিআই) আয়োজনে রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান সভাপতির বক্তব্যে বলেন, ধর্মীয় উগ্রবাদীদের কারণে তসলিমা নাসরিন ও দাউদ হায়দারকে দেশ ছাড়তে হয়েছে। দেশে প্রত্যেক জাতি, ধর্ম ও মতের মানুষের সমান অধিকার নিশ্চিত করার পক্ষে মত দেন তিনি।সকালে প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজ ‘দি নিউ ইসলামিস্ট পাবলিক স্ফিয়ার ইন বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধে বলেন, দেশে কট্টর ইসলামি রাজনীতির বিকাশের জন্য বিভিন্ন স্তরে প্রচেষ্টা চালানো হয়েছে। পাঠ্যপুস্তকে ইসলামের কট্টর বিষয়গুলোকে যুক্ত করার পাশাপাশি মাসুদ রানার আদলে ইসলামি গোয়েন্দা গল্প লেখা হয়েছে; যেখানে দেশের ভেতর ও বাইরে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত মোকাবিলায় উপন্যাসের নায়ক লড়াই করছে। পারিবারিক পর্যায়ে তালিমের নামে পাঠচক্র দল গঠন করা হয়েছে।হোসেন জিল্লুর রহমান বলেন, অনেক সমস্যা সত্ত্বেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। একাত্তরের স্বাধীনতা আন্দোলনের ব্যাখ্যা অভিজাতদের হাত থেকে বের করে এনে সাধারণ মানুষের অংশগ্রহণের বিষয়টি সামনে আনতে হবে। শিক্ষা পাঠ্যক্রমকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ গঠনে সকল মত, পথ, ধর্ম ও জাতির মানুষকে সঙ্গে নিয়ে এগোতে হবে।সমাপনী অধিবেশনে গওহর রিজভী দক্ষিণ এশিয়ায় জাতীয়তাবাদের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ভারত কোনো জাতি ও ধর্মকে অবজ্ঞা না করে একটি সর্বভারতীয় চেতনা তৈরি করতে পেরেছে। পাকিস্তানে ইসলামের ওপর বেশি গুরুত্ব দিতে গিয়ে গণতান্ত্রিক চেতনা ভেঙে পড়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পরই ইসলামকে বেশি গুরুত্ব দেওয়া শুরু হয়।