সামনে চলে আসছেআঞ্চলিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গী আর গাজীপুর পৌরসভা নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশন। গত জানুয়ারিতে সিটি করপোরেশন গঠিত হওয়ার পর থেকে এলাকাবাসীর মনে প্রশ্ন ছিল, নগর ভবন টঙ্গী, না গাজীপুরে হবে? ভোটের আগে সেই বিতর্ক আর আঞ্চলিকতার ইস্যুতে আরও বিভক্ত ভোটাররা।

জানা গেছে, টঙ্গী ও গাজীপুর—এই দুই পৌরসভার মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। দুই পৌরসভার লোকজন নিজ নিজ এলাকায় নগর ভবন দেখতে চান। শেষ পর্যন্ত গাজীপুরে নগর ভবন হলেও টঙ্গীর লোকজন বিষয়টি মেনে নেননি।

গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল-সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খানের বাড়ি টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডে। টঙ্গীর লোকজন মনে করেন, তাঁদের এলাকার প্রার্থী জয়ী হলে টঙ্গীই সুবিধা পাবে। অন্যদিকে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল-সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নানের বাড়ি জয়দেবপুর এলাকার বিলুপ্ত কাউলতিয়া ইউনিয়নে। তাই গাজীপুরের লোকজন চান, মান্নানই জয়ী হোন।

জয়দেবপুরের শিববাড়ী এলাকার রাইসুল ইসলাম, শফিকুর রহমান, কাজী জহিরসহ কয়েকজন তরুণ বলেন, আঞ্চলিকতার কারণে ভোট ভাগ হয়ে যাচ্ছে। যিনি যে এলাকার প্রার্থী, তিনি সেই এলাকায় জয়ী হতে পারেন। টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ডের রেজাউল করিম বলেন, অনেকে মনে করছেন, গাজীপুরের প্রার্থী জয়ী হলে সব গাজীপুরে চলে যাবে। তাই টঙ্গীর বাসিন্দারা টঙ্গীর প্রার্থীকেই ভোট দেবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিটি করপোরেশনে মোট ভোটার ১০ লাখ ২৬ হাজার ৯৬৪। এর মধ্যে টঙ্গী থানায় তিন লাখ ২৬ হাজার ২৯২ এবং জয়দেবপুর থানায় সাত লাখ ৬৪ জন ভোটার রয়েছেন। ফলে ভোটের দিক থেকে টঙ্গীর চেয়ে গাজীপুর অনেক এগিয়ে।

করপোরেশন এলাকায় অনেক সরকারি প্রতিষ্ঠান ও শিল্পকারখানা থাকায় আঞ্চলিকতার ক্ষেত্রে আরও নানা মাত্রা রয়েছে। বিশেষ করে পোশাক কারখানায় আড়াই থেকে তিন লাখ ভোটার রয়েছেন, যাঁদের বাড়ি কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট এলাকায়। এই ভোটাররা গাজীপুরের গাছা, বাসন, কোনাবাড়ী, কাশিমপুরে থাকেন। এরশাদ ও জাতীয় পার্টির প্রতি তাঁদের সমর্থন রয়েছে। ফলে জাতীয় পার্টির নেতারা যেভাবে চাইবেন, এই ভোটের একটা বড় অংশ সেদিকেই যাবে। গাছা এলাকার পোশাককর্মী রোজিনা, খালেদা, হায়দারসহ কয়েকজন জানান, এরশাদ যাঁকে ভোট দিতে বলবেন, তাঁকেই তাঁরা ভোট দেবেন।

অন্যদিকে গাজীপুর শহরের চান্দনা চৌরাস্তা, জয়দেবপুর ও সালনা এলাকার অধিকাংশ পোশাককর্মী ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এলাকার বাসিন্দা। বৃহত্তর ময়মনসিংহে আওয়ামী লীগের অবস্থা ভালো থাকায় এই ভোট আওয়ামী লীগের পক্ষে যেতে পারে বলে অনেকে মনে করছেন।

 আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা বলেন, তিনি ১৭ বছর টঙ্গীর মেয়র ছিলেন। তিনি জানেন, কীভাবে স্থানীয় উন্নয়ন করতে হয়। অন্যদিকে ১৮ দল-সমর্থিত প্রার্থী এম এ মান্নান বলেন, তিনি গাজীপুর শহরের সাংসদ ছিলেন। প্রতিমন্ত্রী ছিলেন। এলাকার উন্নয়নের কৌশল তাঁর জানা আছে।