সামনে দাঁড়ানো নিয়ে হুড়োহুড়ি নেতা ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় বিএনপির শোভাযাত্রায় সামনের সারিতে দাঁড়ানো নিয়ে হুড়োহুড়িকে কেন্দ্র করে নিজ দলের কর্মীর ছুরিকাঘাতে এক নেতা জখম হয়েছেন।
আহত ওই কর্মী হলেন মিজানুর রহমান (৪৫)। তিনি বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিজানুর রহমান অভিযোগ করেন, শোভাযাত্রার সময় সামনের সারিতে দাঁড়ানোর জন্য স্থানীয় স্বেচ্ছাসেবক দলের উচ্ছৃঙ্খল এক কর্মী ক্ষুব্ধ হয়ে তাঁকে ছুরিকাঘাত করেন।
বিএনপি সূত্র জানায়, ৫ জানুয়ারির ‘প্রহসনের’ নির্বাচন বর্জন করায় দেশবাসীকে আনুষ্ঠানিক ধন্যবাদ ও অভিনন্দন জানাতে গতকাল বিকেলে শহরে বিএনপির শোভাযাত্রা বের হয়। শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট সমাবেশ শেষে আলতাফুন্নেছা মাঠ থেকে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শেরপুর সড়ক হয়ে সাতমাথার দিকে যাওয়ার সময় সাঁতানীবাড়িসংলগ্ন স্থানে টেলিভিশনের চিত্রগ্রাহকেরা দৃশ্য ধারণ করছিলেন ও পত্রিকার আলোকচিত্রীরা ছবি তুলছিলেন। এ সময় শোভাযাত্রার সামনের সারিতে কে আগে দাঁড়াবেন—তা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। একপর্যায়ে শোভাযাত্রার সামনের সারিতে থাকা বিএনপির নেতা মিজানুর রহমানকে পেছন থেকে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতে তাঁর ঊরু জখম হয়। সঙ্গে সঙ্গে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন তাঁকে হাসপাতালে দেখতে যান।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, মিছিলে ছুরিকাঘাত করা হলেও কী কারণে ও কে মিজানুর রহমানকে ছুরিকাঘাত করেছে, তা স্পষ্ট নয়।