
নির্দেশ মেনে দলের যেসব নেতা গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন, তাঁদের সঙ্গে রুদ্ধদ্বার মতবিনিময় করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। এ সময় মনোনয়নপত্র প্রত্যাহারকারী নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বলে বৈঠক সূত্র জানায়।
আজ মঙ্গলবার সকালে জাপার চেয়ারম্যানের ঢাকার বনানীর কার্যালয়ে এরশাদ এই মতবিনিময়ের আয়োজন করেন। এতে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না।
বৈঠক সূত্র জানায়, মতবিনিময় সভার একপর্যায়ে এরশাদ নেতাদের এই বলে আশ্বস্ত করেন, ‘এ নির্বাচনই জীবনের শেষ নির্বাচন নয়। সামনে নতুন নির্বাচন হবে। জাপা সে নির্বাচনে অংশ নেবে। সে নির্বাচনে তোমাদের প্রার্থী করা হবে।’
মনোনয়নপত্র প্রত্যাহারকারী নেতাদের ‘বাধ্য সন্তান’ অভিহিত করে এরশাদ বলেন, ‘তোমরা সরকারের কোন কোন গুরুত্বপূর্ণ কাজে লাগতে পার, আমাকে বলো। আমি তোমাদের দেখব।’ এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের অনেকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এরশাদ।
গত ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে অনেক নাটকীয় ঘটনার পর এরশাদ নিজেও সাংসদ নির্বাচিত হন এবং শপথ নেন। এরপর তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ পান। এ ঘটনায় এরশাদের নির্দেশ মেনে যাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন, তাঁরা হতাশ ও ক্ষুব্ধ হন। নির্বাচনের দুই মাস পর আজ তাঁরা এরশাদের মুখোমুখি হন।
সভার শুরুতে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বক্তব্য দেন। এরপর এরশাদ বক্তব্য শুরু করলে নেতারা হইচই শুরু করেন। এ সময় কয়েকজন নেতা বলেন, ‘স্যার, আপনার আশপাশে দালাল। ওদের দল থেকে বাদ দেন। সারা দেশে সংগঠন নেই, কমিটি নেই।’
এরশাদ নেতাদের শান্ত করে বলেন, ‘আমি কেন নির্বাচনে যাইনি, একদিন তা বুঝবে। ইতিহাসই এর উত্তর দেবে।’
জানতে চাইলে বৈঠকে উপস্থিত জাপার সভাপতিমণ্ডলীর সদস্য মীর আবদুস সবুর প্রথম অলোকে বলেন, জাপার চেয়ারম্যান মনোনয়নপত্র প্রত্যাহারকারী নেতাদের মূল্যায়ন করার আশ্বাস দেওয়ার পাশাপাশি আগামী নির্বাচনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন। তবে তা মধ্যবর্তী নির্বাচন কি না, তা দলীয় চেয়ারম্যান পরিষ্কার করেননি বলে তিনি জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাপার নেতা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, আবুল কাশেম, এস এম ফয়সাল চিশতী, জহিরুল ইসলাম, জহিরুল আলম, বাহাউদ্দিন বাবুল প্রমুখ।