সামনে পরীক্ষা, জলাবদ্ধতায় ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
আসন্ন এসএসসি টেস্ট ও জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষা নিয়ে বিপাকে পড়েছে পানিবন্দী সাতক্ষীরার শিক্ষার্থীরা। তালা উপজেলার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা না কাটায় এবং আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহূত হওয়ায় বিদ্যালয় চালু করা যাচ্ছে না। আগামী ১ নভেম্বর থেকে জেএসসি পরীক্ষা শুরু হবে। আর ১০ অক্টোবর থেকে সারা দেশে একযোগে এসএসসির টেস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এ সময়ের মধ্যে বিদ্যালয়গুলো চালু করা না গেলে প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকেরা।সাতক্ষীরার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, তালায় ৭০টির মধ্যে ৪৮টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা হয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে, নয়তো পানিতে তলিয়ে আছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত আগস্টের শুরু থেকে টানা বৃষ্টি, কপোতাক্ষ ও বেতনা নদীর উজানের পানিতে তালার অধিকাংশ এলাকা, সাতক্ষীরা সদর, আশাশুনি, কলারোয়া ও দেবহাটা উপজেলার একাংশে জলাবদ্ধতা দেখা দেয়। প্রায় ছয় লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। তলিয়ে যায় ফসলের মাঠ। ভেসে যায় পুকুর ও চিংড়ি ঘের। ধসে পড়ে অধিকাংশ মাটির ঘর। গৃহহীন হয়ে মানুষ শিক্ষাপ্রতিষ্ঠান বা উঁচু স্থানে আশ্রয় নেয়। বর্তমানে গৃহহীন মানুষ সীমাহীন কষ্টের মধ্যে মানবেতর জীবন যাপন করছে।জেলা শিক্ষা কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলায় বন্যার পানি ওঠায় ৪৫টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা বন্ধ আছে। এর মধ্যে তালা উপজেলায় ৩৫টি, সাতক্ষীরা সদর উপজেলায় নয়টি ও কলারোয়া উপজেলায় একটি। এ ছাড়া ৪৮টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা ভবন এখনো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহূত হচ্ছে। এর মধ্যে তালায় ১৩টি, সাতক্ষীরা সদরে ২৯টি, আশাশুনিতে চারটি, কলারোয়ায় একটি ও দেবহাটায় একটি। এর ফলে এসব বিদ্যালয় ও মাদ্রাসা চালু করা সম্ভব হচ্ছে না।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর তালা উপজেলা থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় তিন হাজার ৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। ওই বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয় তিন হাজার ৬৭৮ জন। চলতি বছরও প্রায় সমানসংখ্যক শিক্ষার্থী ওইসব পরীক্ষায় অংশ নেবে। তালা বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা পারভিন গত সোমবার জানান, গত আগস্টের শুরুতে তাঁর বিদ্যালয় চার-পাঁচ ফুট পানিতে তলিয়ে যায়। বিদ্যালয় ঈদের ছুটি থাকায় অসুবিধা হয়নি। চলতি মাসের ৮ তারিখ থেকে বিদ্যালয় খুলেছে। কিন্তু তাঁর বিদ্যালয়ে এখনো দুই-তিন ফুট পানির নিচে তলিয়ে আছে। ফলে বিদ্যালয় চালু করা সম্ভব হচ্ছে না। আবার বিকল্প ব্যবস্থায় বিদ্যালয় চালু করলেও ছাত্রছাত্রীদের বাড়িঘর তলিয়ে থাকায় তারা বিদ্যালয়ে আসতে পারছে না। এ অবস্থায় তিনি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় আছেন। তালা বি দে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মো. রফি জানান, তাঁর বিদ্যালয়ে চলতি বছর ৮৫ জন এসএসসি ও ৯৫ জন জেএসসি পরীক্ষার্থী রয়েছে। আর মাত্র কয়েক দিন পর এসএসসির টেস্ট ও জেএসসি পরীক্ষা শুরু হবে। শিক্ষার্থীদের কোচিং করানো যাচ্ছে না। ওদের ফলাফল নিয়ে শঙ্কায় আছেন তিনি। তালা গোনালী আগ্রামি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ ঘোষ ও এইচএনজি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালিপদ ঘোষ জানান, পানিতে বিদ্যালয় তলিয়ে আছে। পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা।সাতক্ষীরার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার জানান, গত রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমন্বয় কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, জোর করে কাউকে আশ্রয়কেন্দ্র থেকে নামানো যাবে না। পানি কমে গেলে স্বেচ্ছায় আশ্রিত মানুষ বাড়িতে যাবে। কীভাবে এসএসসি, জেএসসি, দাখিল ও জেডিসি পরীক্ষার্থীদের ক্লাস নেওয়া যায়, তার বিকল্প ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। তিনি আরও বলেন, ‘তালার অবস্থা সবচেয়ে খারাপ।’