সামনে পরীক্ষা, দুই হাজার শিক্ষার্থীর হাতে বই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে ১৭ এপ্রিল প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে। কিন্তু এসব বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থীর হাতে এখনো সব বিষয়ের বই পৌঁঁছেনি। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা চিন্তিত হয়ে পড়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় ২১টি মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রায় ছয় হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ না থাকায় প্রথমে উপজেলার ১৪টি নিবন্ধিত বিদ্যালয়ের চার হাজার শিক্ষার্থীর জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে জেলা কার্যালয়ে বইয়ের চাহিদা পাঠানো হয়। সে অনুযায়ী ৪৭ হাজার বই বরাদ্দ করা হয়। কিন্তু পরে উপজেলার নিবন্ধহীন সাতটি মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করার নির্দেশ দেয় মন্ত্রণালয়। এতে বইয়ের সংকট সৃষ্টি হয়। এ সংকট মোকাবিলায় মার্চ মাসের প্রথম সপ্তাহে অতিরিক্ত আরও প্রায় ১৫ হাজার বইয়ের চাহিদা জানিয়ে সংশ্লিষ্ট বিভাগে চিঠি পাঠানো হয়। কিন্তু আজও বই পাওয়া যায়নি। অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন বিদ্যালয়ে নবম শ্রেণীর জীব ও পদার্থবিজ্ঞান এবং ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর ইংরেজি, গণিত, বাংলা, কারুকলা, বাংলা রচনাসম্ভার, ইসলাম ধর্ম, কৃষি-বিষয়ক বইয়ের সংকট রয়েছে। টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মঞ্জুর জানান, এখনো আমার বিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থী গণিত, ইংরেজি, ধর্ম ও কৃষিশিক্ষা বিষয়ের বই পায়নি।নিলা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান বলেন, নবম শ্রেণীর বেশ কয়েকজন শিক্ষার্থী এখনো বিজ্ঞান বিষয়ের কোনো বই পায়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার বলেন, নতুন করে আরও বইয়ের প্রয়োজনীয়তা উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, আগামী ১০-১৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের হাতে বাকি বই পৌঁছে দেওয়া হবে। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুুস্তক বোর্ডের যোগাযোগ করার পরে তারা দ্রুত বই সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।