সামনে যে কেমনে চলতাম!
সবজি কিনতে এসেই হিসাব-নিকাশে পড়ে গেলেন ছাদিকুর রহমান। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার কাঁচাবাজারে জিনিসপত্রের দাম নিয়ে কথা তুলতেই বললেন, ‘হরতালর লাগি দাম বাড়াইদিছইন। ২৫ টাকার পটোল আইজ ৫০ টাকা। মালের দামে আর রুজির পরতায় (টাকায়) পোষায় না।’দুই দিন হরতাল, এরপর দুই দিন সরকারি ছুটির পর আবার দুই দিন হরতালের প্রথম দিন গতকাল শহরের পশ্চিম বাজার, কোর্ট মার্কেট ও টিসি মার্কেট ঘুরে দেখা গেল, বিভিন্ন রকম কাঁচামালের দাম হরতালের আগেই প্রতি কেজিতে ১৫ থেকে ২০-২৫ টাকার মতো বেড়ে গেছে।খুচরা ব্যবসায়ীরা বলছেন, জোগান কম, তাই দাম বেশি।দাম বাড়ার কারণে সঞ্চয়ে হাত পড়েছে সীমিত আয়ের মানুষের। ঋণ করছেন কেউ কেউ। ‘বাজারের যে অবস্থা, আর কদিন পর না খেয়ে থাকা লাগবে।’—বললেন পুরোনো হাসপাতালের বাসিন্দা মুজাহিদ আহমদ। আর মৌলভীবাজার সরকারি কলেজের প্রভাষক শক্তিপদ পালের কথা, ‘সীমিত সঞ্চয় ছিল। তা এখন বাজারে খরচ হয়ে যাচ্ছে।’দুই-তিন দিনের ব্যবধানে সবজির দাম বাড়ার তথ্য দিলেন শহরের পশ্চিম বাজারের খুচরা সবজি বিক্রেতা মো. মোস্তফা। ‘আগের হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবারে এক বস্তা পটোল এসেছে আড়তে। সব দোকানদার কিনতে হুমড়ি খাইয়া পড়ছে। ৪০ টাকা করে কেজি।’ তাঁর তথ্যমতে, ২৫ টাকার এক কেজি পটোল হয়েছে ৪৫ টাকা, ২২-২৩ টাকার কাঁকরোল ৪০ টাকা, ২০-২৫ টাকার বরবটি ৩৫ থেকে ৪০ টাকা, ২০ টাকার ঢ্যাঁড়স হয়েছে ৪০ টাকা, ২৫ টাকার বেগুন ৩৫ টাকা, ২৫ টাকার ঝিঙা ৩৫ টাকা, ২৫ টাকার করলা ৪০ টাকা ও ৫০ টাকার টমেটো ৯০ টাকা।খুচরা ব্যবসায়ী আকামত আলী বলেন, ‘সস্তায় যে লাভ অয়, দামে বেচলে এ লাভ অয় না। জিনিসের আমদানি কম। তাই দাম বেশি।’শহরের পুরোনো হাসপাতাল এলাকায় একটি টংঘরের চায়ের দোকানের পাশে ভ্যানগাড়ির ওপর বসে অলস সময় কাটাচ্ছিলেন কয়েকজন। কথা বলতেই জানালেন, তাঁরা কেউ ঠেলাগাড়ি, কেউ ভ্যানগাড়ি চালান। আবু তাহের বললেন, ‘হরতালে রুজি-রোজগার নাই। কিন্তু বাজারো তো যাইতে অইব। হুনছি, রোজায়ও হরতাল দিব। সামনে যে কেমনে চলতাম?’ভ্যান ও ঠেলাগাড়ির চালক আবু তাহের, নুরুল ইসলাম ও আলী আসগর বলেন, তাঁরা প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা রুজি করেন। কিন্তু গতকাল হরতালের কারণে এক টাকাও রুজি করতে পারেননি।শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরববাজার এলাকা থেকে প্রতিদিন মৌলভীবাজার শহরে ভ্যান চালান মো. আবদুল। প্রচণ্ড ক্ষুব্ধ তিনি। ‘বাড়ি থাকি কই দিছইন, চাউল নিতাম, তরকারি নিতাম। পকেটো বিষ খাইবার এক ট্যাকাও নাই।’