আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সামনের সব নির্বাচন হবে নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মতোই অবাধ ও নিরপেক্ষ। কোনো নির্বাচনই এর ব্যতিক্রম হবে না। সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী।সৈয়দ আশরাফ গতকাল মঙ্গলবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। আগামী ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে।সংবাদ সম্মেলনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাতীয় সংসদে সংরক্ষিত নতুন পাঁচটি নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন। দলীয় দপ্তর থেকে জানানো হয়, প্রথম দিনে ৬০ জন মনোনয়ন ফরম কিনেছেন।সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সব কটি স্থানীয় ও উপনির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। এ রকম একটা উদাহরণও কেউ দিতে পারবে না যে সরকার এসব নির্বাচনে কারচুপি বা কোনোরকম প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। তিনি বলেন, সরকারের জবাবদিহি জনগণের কাছে। টক শোওয়ালাদের কাছে কোনো জবাবদিহি নেই।সৈয়দ আশরাফ বলেন, নারায়ণগঞ্জ নির্বাচনে সরকারের কোনো প্রার্থী ছিল না। সরকারের দায়িত্ব হচ্ছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা। সরকার সে দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছে। এ ছাড়া ওই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে সব রকম আশঙ্কা দূর হয়েছে।এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুদ্দীনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার মানি লন্ডারিংয়ের মামলা অধিকতর তদন্তের জন্য এফবিআইয়ের সহযোগিতা চেয়ে যুক্তরাষ্ট্র সরকারের কাছে চিঠি লিখেছিল। এ মামলাও হয় তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। এফবিআই কর্মকর্তা স্বেচ্ছায় এসেছেন, যেহেতু তিনি তদন্তের সঙ্গে জড়িত ছিলেন। এর সঙ্গে সরকার জড়িত নয়। তিনি বলেন, এটা কি কেউ বিশ্বাস করবে, সরকার টাকা দিয়ে এফবিআই কর্মকর্তা নিয়ে এসেছে? এফবিআই কি কোনো ভাড়াখাটা সংগঠন? এটা যুক্তরাষ্ট্র সরকারেরই বলা উচিত, তাদের কর্মকর্তা ভাড়া দেয় কি না?পদত্যাগের গুজব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘চিলে কান নিয়ে গেছে—এ রকম কোনো গুজবে প্রতিক্রিয়া জানাতে পারি না। একটা অখ্যাত, অদৃশ্যমান ওয়েবসাইটে কী লিখল, তা নিয়ে কথা বলা যায় না। জাতীয় দৈনিকের কেউ এ রকম খবর দিলে প্রতিক্রিয়া জানাতাম।’ তিনি বলেন, ২০১২ সালের জুলাইয়ের মধ্যে দলের ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, জেলা ও মহানগর কমিটির সম্মেলন শেষ করা হবে। ওয়ার্ড পর্যায়ে কোনো কাউন্সিল থাকবে না। সদস্যরাই ভোটার। তবে কেউ সদস্যপদ নবায়ন না করলে তিনি সংগঠনের কোনো পর্যায়ের কর্মকর্তা বা সদস্য হতে পারবেন না; ভোটাধিকার থাকবে না। সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরমের সঙ্গে নবায়নের অংশটুকু অন্তর্ভুক্ত করে দিতে হবে। যদি কেউ মনে করেন, তিনি আওয়ামী লীগের বিশাল নেতা, সদস্যপদ নবায়নের দরকার নেই, তাহলে তা গ্রহণযোগ্য হবে না। স্বয়ং প্রধানমন্ত্রী দলীয় সদস্যপদ নবায়ন করেছেন।সংবাদ সম্মেলনে দলীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব উল আলম হানিফ, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, বাহাউদ্দিন নাছিম প্রমুখ।