অভ্যুত্থানের জবাব না পেয়ে সাংসদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে উত্থাপিত সামরিক অভ্যুত্থান–সম্পর্কিত প্রশ্নের যথাযথ জবাব না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারদলীয় সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইন। তিনি বলেন, ১৯৭৫ থেকে ’৮১ সালের মধ্যে ১৯ থেকে ২১টি অভ্যুত্থান হয়েছে। মন্ত্রীর জবাবে সঠিক তথ্যটি আসেনি। তাই সন্তুষ্ট হতে পারলাম না।

সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে সেতু ও সড়ক বিভাগের মন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে খ ম জাহাঙ্গীর আজ এসব কথা বলেন।

খ ম জাহাঙ্গীর ১৯৭৫ থেকে ১৯৮১ সালের মধ্যে সামরিক বাহিনীতে কতটি অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থান এবং এসব অভ্যুত্থানে কতজন সামরিক কর্মকর্তা ও সদস্য প্রাণ হারিয়েছেন, তা জানতে চান।

জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলেন, ১৯৭৫ থেকে ’৮১ সালের মধ্যে সশস্ত্রবাহিনীতে কিছু ক্যু, অভ্যুত্থান ও বিদ্রোহ হয়েছে। অনেক দিন আগের এসব ঘটনার তথ্য সংগ্রহ করা সময়সাপেক্ষ ব্যাপার।

নৌ ও বিমানবাহিনীতে কোনো অভ্যুত্থান হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর নৌবাহিনীতে এবং ১৯৭৭ সালের ২ অক্টোবর বিমান বাহিনীতে স্থানীয় বিদ্রোহ হয়েছিল।

এরপর সম্পূরক প্রশ্ন করতে গিয়ে খ ম জাহাঙ্গীর বলেন, জিয়াউর রহমানের আমলে ক্যান্টনমেন্ট ও কারা অভ্যন্তরে সামরিক বাহিনীর হাজার হাজার সদস্য নিহত হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মন্ত্রীর জবাবে এ তথ্যটি আসেনি।
খ ম জাহাঙ্গীর মন্ত্রীর কাছে জানতে চান, কত দিনের মধ্যে প্রশ্নের জবাব সংসদকে জানাতে পারবেন?
জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সংসদ সদস্যের বক্তব্য যৌক্তিক। তবে ওই সময় কোনো গণতান্ত্রিক সরকার, সংসদ ও জবাবদিহি ছিল না। যে কারণে ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের সঠিক পরিসংখ্যান দেওয়া সম্ভব নয়। তবে, এই সংখ্যা অনেক। শুনেছি ওই সময় জিয়াউর রহমান রাত জেগে জেগে সামরিক বাহিনীর সদস্যদের ফাঁসির আদেশে সই করতেন।’