আইনমন্ত্রী আনিসুল হক দাবি করেন, সামরিক আইনকে বৈধতা দেওয়ার পুরস্কার হিসেবে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছ থেকে সরিয়ে নিয়েছিলেন জিয়াউর রহমান।
গতকাল মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত শোক দিবসের আলোচনায় আইনমন্ত্রী এ দাবি করেন। তিনি বলেন, ’৭২ সালের সংবিধানে সংসদের হাতেই বিচারকদের অভিশংসনের ক্ষমতা ছিল। পরে জিয়াউর রহমানের আমলে কিছু বিচারপতি তাঁর সামরিক আইনকে বৈধতা দিয়ে রায় দেন। এর পুরস্কারস্বরূপ বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের থেকে বাতিল করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে করার আইন জারি করা হয়।
আনিসুল হক বলেন, ১৯৯৭ সালের ৭ এপ্রিল বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা মামলার বিচার যখন উচ্চ আদালতে শুরু হয়, তখন সাতজন বিচারপতি এ মামলায় বিব্রতবোধ করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচার তাঁরা করতে চাননি। তার পরও তাঁদের কাউকে অপসারণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পাঠানো হয়নি। এমনকি তাঁদের মধ্যে একজন প্রধান বিচারপতিও হয়েছিলেন।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘২১ আগস্ট শেখ হাসিনা ও শেখ রেহানাকে হত্যা করে পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চেয়েছিল তারেক রহমান। এদের নিমূর্ল ছাড়া কোনো বিকল্প নাই। তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখার অর্থ হলো নিজের অস্তিত্বের সঙ্গে বেইমানি করা।’
আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি সাহারা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলাম, সৈয়দ রেজাউর রহমান, আবদুল্লাহ আবু, তানিয়া আমীর প্রমুখ।