সামরিক আদালতে এক ব্যাংক কর্মকর্তার সাজার রায় নিয়ে রুল
এরশাদের শাসনামলে বিশেষ সামরিক আদালতে আনন্দ কান্তি সরকার নামের সাবেক এক ব্যাংক কর্মকর্তার সাজার রায় এবং তাঁকে চাকরি থেকে বরখাস্তের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইন, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ আট বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। রিট আবেদনকারী জানান, অর্থ আত্মসাতের অভিযোগে করা এক মামলায় ১৯৮৬ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ সামরিক আদালত-৭ সোনালী ব্যাংকের মিরপুর-১ শাখার তৎকালীন ব্যবস্থাপক আনন্দ কান্তিকে ১৭ বছরের সাজা দেন। পরে ১৯৮৭ সালের ২১ জুলাই ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে পদ থেকে বরখাস্ত করেন। প্রায় ছয় বছর কারাভোগের পর রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণায় ১৯৯১ সালের ১ আগস্ট তিনি মুক্তি লাভ করেন। ওই সাজার রায় ও এর পরিপ্রেক্ষিতে বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ১৭ নভেম্বর আনন্দ কান্তি রিট আবেদনটি করেন। আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, হাইকোর্ট এরশাদের সামরিক শাসন অবৈধ ঘোষণা করেছেন। তাই সামরিক আদালতের সাজাও অবৈধ।