ওয়াশিংটনে দ্বিতীয় নিরাপত্তা সংলাপ
সামরিক ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি ও তথ্যবিনিময় মূল আলোচ্য
বঙ্গোপসাগরসহ এই অঞ্চলের নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এ ছাড়া সন্ত্রাসবাদ দমনে দুই দেশের সামরিক বাহিনী ও নিরাপত্তার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা সম্প্রসারিত হবে। এর অংশ হিসেবে দুই দেশের সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য বিনিময়ের জন্য একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি প্রক্রিয়াধীন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অনু বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা গত বৃহস্পতিবার প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৯ এপ্রিল ওয়াশিংটনে অনুষ্ঠেয় নিরাপত্তা সংলাপে এ বিষয়গুলো উঠবে। দ্বিতীয় এই নিরাপত্তাবিষয়ক সংলাপে ছয়টি মূল বিষয় নিয়ে আলোচনা হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) প্রস্তাবিত সমঝোতা স্মারকটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশে নিরাপত্তা প্রশিক্ষণবিষয়ক একটি জাতীয় একাডেমি প্রতিষ্ঠার বিষয়েও এতে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওয়াশিংটনের বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে কৌশলগত প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়াসহ বঙ্গোপসাগরকেন্দ্রিক সহযোগিতা, পরমাণু অস্ত্রের বিস্তার রোধ, সন্ত্রাসবাদ দমন, শান্তিরক্ষা কার্যক্রম, দুই দেশের সামরিক বাহিনীর সহযোগিতা এবং নিরাপত্তা সহযোগিতা। ঢাকার কর্মকর্তারা জানিয়েছেন, ছয়টি বিষয়ের কোনোটিতে বাংলাদেশ এবং কোনোটিতে যুক্তরাষ্ট্র মূল ধারণাপত্র উপস্থাপন করবে। এর ওপর আলোচনার ভিত্তিতে সহযোগিতার ধরন চূড়ান্ত করা হবে। কর্মকর্তারা বলেছেন, কৌশলগত বিবেচনায় দক্ষিণ এশিয়াসহ বঙ্গোপসাগরকেন্দ্রিক সহযোগিতার বিষয়টিকে দুই ভাগে ভাগ করা হবে। প্রথম ভাগে থাকবে ভারত, মিয়ানমার ও বঙ্গোপসাগরের বিষয়টি। এ বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করবে বাংলাদেশ। আর আফগানিস্তান ও পাকিস্তানবিষয়ক ধারণাপত্র তুলে ধরবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ধারণাপত্রে পানিসম্পদ ব্যবস্থাপনা, ট্রানজিট, সীমান্ত ও নিরাপত্তা সহযোগিতার পরিস্থিতি উত্থাপন করা হবে। আর মিয়ানমার প্রসঙ্গে সীমান্ত পরিস্থিতি, রোহিঙ্গা শরণার্থীর মতো প্রসঙ্গ আলোচনায় আসবে। শান্তিরক্ষা কার্যক্রমের সহযোগিতার বিষয়টিতে মূল আলোচ্য হবে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার ধরন। সাম্প্রতিক সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের বিষয়টি সামনে উঠে এসেছে। পাশাপাশি জাতিসংঘ ছাড়াও ন্যাটো বা দ্বিপক্ষীয় চুক্তির আওতায় শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়টিও প্রাধান্য পাচ্ছে। দুই দেশের সামরিক বাহিনীর সহযোগিতার বিষয়টিতে প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট কিছু বিষয় গুরুত্ব পাবে। আর নিরাপত্তা সহযোগিতার বিষয়টিতে আসবে সমরাস্ত্র কেনার মতো প্রসঙ্গ। দুটি ক্ষেত্রেই ধারণাপত্র উপস্থাপন করবে যুক্তরাষ্ট্র। সংলাপে বাংলাদেশের নেতৃত্ব দেবেন অতিরিক্ত পররাষ্ট্রসচিব মুস্তাফা কামাল। আর যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিকবিষয়ক সহকারী মন্ত্রী অ্যান্ড্রু জে শ্যাপিরো। গত বছরের ১৯ এপ্রিল দুই দেশের প্রথম নিরাপত্তা সংলাপেও তাঁরা নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন। প্রস্তাবিত সমঝোতা স্মারক সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সন্ত্রাসবাদ দমনের অংশ হিসেবে দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলো ইতিমধ্যেই তথ্য বিনিময় করছে। বিষয়টিকে একটি কাঠামোর রূপ দিতে একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে। বাংলাদেশে নিরাপত্তা প্রশিক্ষণবিষয়ক জাতীয় একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশ এ প্রস্তাবটি দিয়েছে। প্রস্তাবিত একাডেমিতে পুলিশ, কোস্টগার্ড, বিজিবি; এমনকি সেনাসদস্যদের আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। মনে করা হচ্ছে, এ ধরনের প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একে অন্যের সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন।