সামরিক কবরস্থানে কোকোর মরদেহ দাফনের অনুমতি মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে রাজধানীর বনানী সামরিক করবস্থানে দাফনের অনুমতি মেলেনি। এ দাবি করেছেন বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক দল কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম।

আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে কল্যাণ পার্টির চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাপ্রধানের ছেলে হিসেবে কোকোর কবর সামরিক কবরস্থানে হতে পারে। এজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু অনুমতি মেলেনি। তাঁকে কোথায় দাফন করা হবে, তা পরে জানানো হবে।

কোকোর মরদেহ আজ মালয়েশিয়া থেকে ঢাকায় এসে পৌঁছেছে। বাংলাদেশ সময় দুপুর পৌনে ১২টার দিকে তাঁর মরদেহবাহী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কোকোর মরদেহ প্রথমে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে নেওয়া হবে।

আরাফাত রহমান গত শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরদিন কুয়ালালামপুরে তাঁর প্রথম জানাজা হয়।