সামরিক প্রশিক্ষণ এলাকায় গিয়ে নারীর মৃত্যু
বান্দরবানের সুয়ালকে অবস্থিত সামরিক প্রশিক্ষণকেন্দ্রে (বিএমটিসি) প্রশিক্ষণের গোলার আঘাতে মৃত্যু হওয়া জান্নাত আরা বেগমের (৩০) লাশ গতকাল মঙ্গলবার দাফন করা হয়েছে। গোপনে প্রশিক্ষণ এলাকায় ঢুকে বাঁশ কাটতে গেলে গোলার স্প্লিন্টার লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশ ও এলাকার লোকজন জানিয়েছেন।সুয়ালক ইউনিয়ন পরিষদের সদস্য আলী মিয়া জানান, ভাগ্যকুল মেম্বারপাড়া থেকে পাঁচ-ছয়জন নারী গত সোমবার বাঁশ আহরণ করতে যান। সেনাবাহিনীর প্রশিক্ষণের ঘোষণা উপেক্ষা করে তাঁরা প্রশিক্ষণকেন্দ্রের গভীরে চিকনছড়া এলাকায় চলে যান। সেখানে একটি গোলা এসে পড়ে। গোলার একটি স্প্লিন্টার জান্নাত আরা বেগমের বাঁ কাঁধের পেছনের দিকে আঘাত করে। সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ফিরে বান্দরবান সদর থানার উপরিদর্শক আতাউর রহমান জানান, মরদেহের সুরতহালে স্প্লিন্টারের আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের পর জান্নাত আরার লাশ স্বামী ওয়াজেদ আলীর কাছে দেওয়া হয়েছে।