কর্মশালায় গওহর রিজভী
সামরিক বাহিনী গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দৃষ্টান্ত রেখেছে
যেকোনো সময়ের তুলনায় বাংলাদেশে এখন সামরিক বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। গণতান্ত্রিক সরকার যেমন সশস্ত্র বাহিনীকে তার নিজস্ব গতিতে এগোতে সাহায্য করছে, তেমনি গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সামরিক বাহিনী।প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী গতকাল বুধবার এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। গওহর রিজভী রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএস) আয়োজিত ‘ওয়ার্কশপ অন সিভিল মিলিটারি রিলেশনস: ট্রাস্ট বিল্ডিং’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন। গওহর রিজভী বলেন, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়েও একদিকে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেছে, অন্যদিকে সামরিক বাহিনীও অত্যন্ত সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে পেশাদারির উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে।বিআইআইএসের বোর্ড অব গভর্নর্সের চেয়ারম্যান মেজর জেনারেল মু. ফিরদৌস মিঞা বলেন, দেশের জরুরি প্রয়োজনে সব সময় সামরিক-বেসামরিক প্রশাসন আস্থার সঙ্গে একসঙ্গে কাজ করেছে। তবে সামরিক বাহিনী ঠিক কখন, কেন তাদের দায়িত্ব থেকে কিছুটা সরে আসে, সে পরিস্থিতি খতিয়ে দেখা প্রয়োজন।যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইনস্টিটিউশন রিফর্ম ইনিশিয়েটিভের (ডিরি) কর্মকর্তা জন হ্যানসেন গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে সামরিক-বেসামরিক সম্পর্কের ওপর আরও বেশি আলোচনা ও গবেষণার আহ্বান জানান।