সামরিক বাহিনীর সহায়তায় কট্টর ইসলামি রাজনীতির বিকাশ ঘটেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ায় ধর্মনিরপেক্ষতার ছত্রচ্ছায়ায় ও সামরিক বাহিনীর সহায়তায় কট্টর ইসলামি রাজনীতির বিকাশ ঘটেছে। এর মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানে ইসলামি রাজনীতি চরম রূপ নিয়ে মৌলবাদে পরিণত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত ‘দক্ষিণ এশিয়ায় ইসলাম ও রাজনীতি’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে এ পর্যবেক্ষণ তুলে ধরেন বিশেষজ্ঞরা। ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (বিডিআই) আয়োজনে দুই দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের বিশিষ্ট ইসলাম-বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। গতকালের আলোচনায় লন্ডন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশ নেন প্রবাসী পাকিস্তানি বুদ্ধিজীবী তারিক আলী। তিনি বেনজির ভুট্টোর সঙ্গে নিজের আলাপচারিতার অভিজ্ঞতার আলোকে বলেন, ‘পাকিস্তান পিপলস পার্টি ক্ষমতায় আসার পর বেনজির ভুট্টো বলেছিলেন, পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা নেই। সামরিক বাহিনী সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।’ ভুট্টোর বক্তব্যকে শ্রেণী ও সামরিক বাহিনীর ক্ষমতা বিষয়ে অজ্ঞতার ফল হিসেবে উল্লেখ করেন তারিক আলী। তিনি বলেন, পাকিস্তানে তালেবানি রাজনীতির বিকাশ ঘটে এই সামরিক বাহিনীর সহায়তায়। পাকিস্তানের বর্তমান শাসকশ্রেণীকে বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে উল্লেখ করেন তারিক আলী। ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান আর্থিক বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে বেশি কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটছে ভারতে। সামরিক বাহিনীর প্রভাববলয় ও জঙ্গি ইসলামি রাজনীতির কবল থেকে বের হতে দক্ষিণ এশিয়ার দূরদর্শী রাজনীতিবিদ ও নাগরিক সমাজের মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। ‘দক্ষিণ এশিয়ায় জাতীয়তাবাদ, আধুনিকতা ও ইসলাম’ শীর্ষক আলোচনা করতে গিয়ে নেদারল্যান্ডের তাত্ত্বিক অধ্যাপক উইলিয়াম ভ্যান শেন্ডাল পাকিস্তানি আমল ও একাত্তরের স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতির গতিপ্রকৃতি তুলে ধরেন। তিনি বলেন, ষাটের দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানে যখন গণ-আন্দোলন তীব্র হচ্ছিল তখন রাজনীতিতে ধর্মের ব্যবহার বাড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও মসজিদকেন্দ্রিক রাজনীতির ধারাবাহিকতা অব্যাহত থাকে। সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ইসলামবিষয়ক গবেষক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবা মাহমুদ। তিনি বলেন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার পর জাতীয়তাবাদ ও আধুনিকতার পথে এগিয়েছে। কিন্তু স্বাধীনতার পরও এই দেশগুলোয় ধর্মভিত্তিক রাজনীতি বিকাশের সুযোগ রাখা হয়েছে। মূল বক্তব্যের ওপর উন্মুক্ত আলোচনায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘গণতন্ত্রের সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা আরও বেশি গণতন্ত্র চর্চার কথা বলি। তেমনই ধর্মনিরপেক্ষতার সমস্যা থেকে বের হওয়ার জন্যও আমাদের উপায় বের করতে হবে।’ বিডিআইয়ের পরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ হাসমী সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন। এরপর আলোচনা করেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরান আলী, গবেষক দিনা সিদ্দিকীও বক্তব্য দেন।