প্রশান্ত মহাসাগরীয় সেনা ব্যবস্থাপনা সেমিনারে বক্তারা
সামরিক-বেসামরিক সম্পর্ক বলার চেয়ে করা কঠিন
সামরিক-বেসামরিক সম্পর্ক তৈরির কথা বলা যতটা সহজ, বাস্তবায়ন আসলে ততটা সহজ নয়। প্রশান্ত¯মহাসাগরীয় সেনা ব্যবস্থাপনা সেমিনারের (প্যামস-৩৮) তৃতীয় দিনের দ্বিতীয় সেমিনারে বক্তারা গতকাল মঙ্গলবার এসব কথা বলেন।
‘সামরিক-বেসামরিক ও বহুজাতিক সহযোগিতা—ভবিষ্যৎ স্থিতিশীলতার প্রয়োজনীয় উপাদান’ শীর্ষক গতকালের ওই সেমিনারের সঞ্চালক ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। বক্তব্য দেন ইন্দোনেশিয়ান ব্রিগেডিয়ার জেনারেল আদি উইদজাজা, জাপানের কর্নেল নজোমু ইয়োশিতোমি, মালয়েশিয়ার ব্রিগেডিয়ার হাসাগায়া বিন আবদুল্লাহ ও অস্ট্রেলিয়ান সিভিল মিলিটারি সেন্টারের গ্রেগ এলিয়ট।
মূল বক্তব্যে অস্ট্রেলিয়ার গ্রেগ এলিয়ট ২০১৩ সালে অনুষ্ঠিত ৩৭তম প্যামসের এক বক্তার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘সামরিক-বেসামরিক (মিলিটারি-সিভিল) একসঙ্গে কাজ করার কথা বলা সহজ, কিন্তু করা কঠিন। সবাই একসঙ্গে কাজ করার কথা বলছেন, কিন্তু ভিন্ন সংস্কৃতি, ভাষা, পরিকল্পনার পার্থক্য এই সমন্বয়ের ক্ষেত্রে বড় বাধা। এ ক্ষেত্রে শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও নীতিনির্ধারণের চর্চা খুব জরুরি।’
এক প্রশ্নের জবাবে জাপান সেনাবাহিনীর কর্নেল নজোমু ইয়োশিতোমি বলেন, কখনো কখনো দুই অথবা তিনটি দেশের সেনাবাহিনীর একসঙ্গে কাজ করাটা ওই অঞ্চলে রাজনৈতিক স্পর্শকাতরতা তৈরি করে।
মালয়েশিয়ার ব্রিগেডিয়ার হাসাগায়া বিন আবদুল্লাহ বলেন, ‘মিয়ানমারে যখন টাইফুন আঘাত হানল, তখন আমরা (মালয়েশিয়ান সেনাবাহিনী) সাহায্য নিয়ে এগিয়ে আসার চেষ্টা করেছি। কিন্তু মিয়ানমার তা গ্রহণ করেনি। অন্যদিকে ফ্লাইট এমএইচ৩৭০ হারিয়ে যাওয়ার পর গোটা পৃথিবীই আমাদের সঙ্গে ছিল।’ ইন্দোনেশিয়ান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আদি উইদজাজা বলেন, এই অঞ্চলে প্রথাগত ও অপ্রথাগত দুই ধরনের সশস্ত্র হুমকি রয়েছে।
সমাপনী বক্তব্যে গওহর রিজভী বলেন, ‘বেশির ভাগ সময়ই আমরা উপসর্গগুলো দেখি, কিন্তু মূল কারণ নিয়ে মাথা ঘামাই না। কী কারণে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিচ্ছে, তা রাষ্ট্রগুলোর খতিয়ে দেখা দরকার। দারিদ্র্য দূরীকরণ, বৈষম্য কমানো, জনগণের মানসম্মত জীবন যাপন ইত্যাদি বিষয়ে রাষ্ট্রগুলোকে নজর দিতে হবে। এসব বিষয়ে ব্যর্থতা সন্ত্রাসবাদকে উৎসাহী করে।
১৪ সেপ্টেম্বর থেকে রাজধানীর হোটেল র্যাডিসনে শুরু হয় চার দিনব্যাপী এই সেমিনার। বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্রশান্ত¯মহাসাগরীয় সেনা কমান্ড যৌথভাবে এই সেমিনারের আয়োজন করছে। এটি মূলত যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত¯মহাসাগরীয় কমান্ডের উদ্যোগ।