সামরিক মর্যাদায় র্যাব কর্মকর্তা আজাদের দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেদনাঘন পরিবেশে র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদকে শেষবিদায় জানানো হলো। দুবার জানাজা শেষে গতকাল শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে সশস্ত্র বাহিনী, পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সামরিক মর্যাদায় বনানীর সামরিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এ সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে।
গত ২৫ মার্চ সিলেটে শিববাড়িতে জঙ্গি আস্তানার কাছে বোমার আঘাতে গুরুতর আহত আবুল কালাম আজাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে মারা যান।
গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে আজাদের মরদেহ প্রথম জানাজার জন্য ঢাকা সেনানিবাসে আনা হয়। বাদ জুমা সেখানের কেন্দ্রীয় মসজিদে জানাজা হয়। এতে সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
আবুল কালাম আজাদকে ময়নাতদন্তকারী ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, একটি স্প্লিন্টার বাম চোখ ছিদ্র হয়ে আজাদের মস্তিষ্কে আটকে ছিল। এ কারণে তাঁর মৃত্যু হয়েছে। গতকাল স্প্লিন্টার ময়নাতদন্ত করে বের করা হয়েছে।
দ্বিতীয় জানাজার জন্য সেনানিবাস থেকে বেলা তিনটার দিকে র‌্যাবের পতাকা মোড়ানো আজাদের লাশ কুর্মিটোলার র‌্যাব সদর দপ্তরের মাঠে নেওয়া হয়। এ সময় তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
জানাজা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা একজন চৌকস কর্মকর্তাকে হারিয়েছি। দেশ ও র‌্যাব বাহিনীর জন্য বিশাল ক্ষতি হয়ে গেছে। জঙ্গি-সন্ত্রাসীদের অচিরেই আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসব।’
বিকেল সোয়া চারটার দিকে র‌্যাব সদর দপ্তর থেকে আজাদের লাশ বনানীর সামরিক কবরস্থানে দাফনের জন্য নেওয়া হয়। কবরস্থানের পাশে উপস্থিত ছিলেন আজাদের শোকার্ত স্ত্রী সুরাইয়া সুলতানা, বড় ছেলে আফনান ইশরাক, আজাদের মা ও শাশুড়ি এবং স্বজনেরা।
আজাদের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘সেদিন খবর পেয়ে আজাদ সিলেটে যান। আগেও কোথাও গেলে সেখানে পৌঁছে ফোন করত। কিন্তু সেদিন ফোন করেননি, তিনি ফোন করলেও ধরেননি আজাদ।’
বিকেল পৌনে পাঁচটার দিকে সামরিক মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়।