সামরিক শাখার প্রধানসহ সাতজনের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হালিশহর থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় করা মামলায় চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেডের’ সাতজনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিরা হলেন শহীদ হামজা ব্রিগেডের সামরিক শাখার কথিত প্রধান মনিরুজ্জামান ওরফে ডন, তাঁর সহযোগী নাসির হোসেন, মো. শামসুদ্দিন, রাকিব হাসান, ফয়জুল হক, তাঁর ছোট ভাই আজিজুল হক ও আত্মীয় আবদুল হাই।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, হালিশহর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাত জঙ্গি জামিনের আবেদন করেন। শুনানিতে তাঁদের নির্দোষ দাবি করে এবং জামিনে গিয়ে পলাতক হবেন না বলে আদালতকে জানান তাঁদের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে জঙ্গিদের তৎপরতা বেড়ে গেছে। এ মুহূর্তে আসামিরা জামিনে গেলে দেশের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি হালিশহর থানার গোল্ডেন আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৭৬টি শক্তিশালী বোমা, ১৫০ কেজি বিস্ফোরক, ৩০ ধরনের বোমা তৈরির সরঞ্জাম, ২৪টি শটগানের গুলি, বিপুল পরিমাণ তার, বাল্ব, মুখোশ, দস্তানা ও বুট উদ্ধার করে র্যাব। ওই বাসা থেকে ফয়জুল হক নামের এক ব্যক্তি, তাঁর বোন রহিমা আক্তার, বড় বোনের ছেলে জায়েদুল্লাহ ও তাঁদের আত্মীয় আবদুল হাইকে গ্রেপ্তার করা হয়। অন্যদের পরে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। সে সময় র্যাব জানায়, জঙ্গি প্রশিক্ষণ এবং দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে এসব বোমা ও বিস্ফোরক মজুত করা হয়।
এ ঘটনায় র্যাব-৭-এর সহকারী পরিচালক এম জি রব্বানী হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। তদন্ত শেষে গত ১৬ মার্চ র্যাব-৭-এর এএসপি জালাল আহমেদ ১১ জনের বিরুদ্ধে এই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেন।
সরকারি কৌঁসুলি বলেন, ১১ আসামির মধ্যে জামিনে রয়েছেন রহিমা আক্তার ও জাহেদুল্লাহ। পলাতক রয়েছেন মো. পারভেজ। কারাগারে আটক থাকলেও গতকাল জামিনের আবেদন করেননি আসামি মো. আনোয়ার হোসেন।