সামরিক সহযোগিতা বাড়াতে দুই দেশের গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন l ছবি: পিআইডি
ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন l ছবি: পিআইডি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক নিবিড় করতে ভারত থেকে আরও বেশি সংখ্যায় সেনা কর্মকর্তা পাঠাতে ঢাকা সফররত ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরকে অনুরোধ করেছেন। অন্যদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রীও ঢাকা ও দিল্লি সামরিক সম্পর্ক জোরদারে দুই দেশের যৌথ প্রয়াসের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
দুই দিনের বাংলাদেশ সফরের প্রথম দিনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী গতকাল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।
গতকাল সকালে ভারতের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোহর পারিকর ঢাকায় আসেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বিশেষ বিমানে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় এসে পৌঁছায়। এ সময় প্রতিনিধিদলটিকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান। ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এ সময় উপস্থিত ছিলেন।
সফরের প্রথম দিনে মনোহর পারিকর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেন। এরপর তিনি সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বার্তা সংস্থা ইউএনবি জানায়, সন্ত্রাসবাদকে বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে মনোহর পারিকর বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে ভারত।
বঙ্গভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, কোনো ধরনের সন্ত্রাসবাদকে ন্যূনতম ছাড় না দেওয়ার নীতি অনুসরণ করছে বাংলাদেশ। তিনি কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাঘাঁটিতে এবং পাঠানকোটে ভারতীয় বিমানঘাঁটিতে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় সমবেদনা জানান। দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক নিবিড় করতে রাষ্ট্রপতি ভারত থেকে আরও বেশি সংখ্যায় সেনা কর্মকর্তা পাঠাতে সে দেশের প্রতিরক্ষামন্ত্রীকে অনুরোধ জানান।
একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের সরকার ও জনগণের অবদানের কথা আবার স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধে ভারতের সশস্ত্র বাহিনীর অনেক সাহসী যোদ্ধা আত্মোৎসর্গ করেছেন।
সফরের দ্বিতীয় দিনে মনোহর পারিকর ও তাঁর সফরসঙ্গীরা আজ বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন। এরপর তাঁরা চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) পরিদর্শন করবেন। বিকেলে ঢাকায় ফিরে মনোহর পারিকর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করবেন। সন্ধ্যায় তাঁর ঢাকা ছেড়ে যাওয়ার কথা।