বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংলাপে আঞ্চলিক কৌশলগত সহযোগিতা নিয়ে দুই দেশের দৃষ্টিভঙ্গি এবং সামরিক সহযোগিতা জোরদারের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। দুই দেশের মধ্যে তৃতীয়বারের মতো এ নিরাপত্তা সংলাপ আজ মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস্) মিলনায়তনে অনুষ্ঠিত এ সংলাপে ৩০ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মুস্তাফা কামাল। যুক্তরাষ্ট্রের ২৭ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক ও সামরিক বিষয়ক ব্যুরোর মুখ্য উপসহকারী মন্ত্রী টম কেলি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অণু বিভাগের মহাপরিচালক মাহফুজুর রহমান গতকাল সোমবার তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, নিরাপত্তা সংলাপে আঞ্চলিক কৌশলগত সম্পর্ক, সামরিক সহযোগিতা, বৈশ্বিক নিরাপত্তা, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, সন্ত্রাসবাদ দমন এবং দুর্যোগ ব্যবস্থাপনার সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা জানান, নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক সরঞ্জাম (ইডিএ-এক্সেস ডিফেন্স আর্টিকেল) কর্মসূচির আওতায় সমরাস্ত্র কেনাকাটা ও সমরাস্ত্র পাওয়ার বিষয়ে সংলাপে দুই পক্ষ কথা বলবে। ইডিএ কর্মসূচির আওতায় বাংলাদেশ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি বৃহদায়তনের জাহাজ ‘সমুদ্র বিজয়’ পেয়েছে। সাধারণত এ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্র থেকে সমরাস্ত্র সংগ্রহ করে বাংলাদেশ।
ভবিষ্যতে আর ব্যবহার করবে না এমন সব সমরাস্ত্রের একটি তালিকা তৈরি করে যুক্তরাষ্ট্র। এরপর বন্ধুপ্রতিম দেশগুলোকে রক্ষণাবেক্ষণ মাশুলের বিনিময়ে ওই তালিকা থেকে অস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র। এ কর্মসূচি ইডিএ নামে পরিচিত।
ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ক্যালি ম্যাকার্থি গতকাল বলেন, এবারের সংলাপে সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, প্রাকৃতিক দুর্যোগ, শান্তিরক্ষা কার্যক্রম, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ, যৌথ সামরিক মহড়াসহ নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দক্ষিণ এশিয়া ও বঙ্গোপসাগরীয় অঞ্চলের কৌশলগত সম্পর্কের ব্যাপারে দুই দেশ একে অন্যের অবস্থান সম্পর্কে জানতে চাইবে। যেমন ভারত, মিয়ানমার, আফগানিস্তান এসব দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে দুই দেশ নিজেদের অবস্থান তুলে ধরবে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম নিরাপত্তা সংলাপ ২০১২ সালের এপ্রিলে ঢাকায় এবং দ্বিতীয় নিরাপত্তা সংলাপ ২০১৩ সালের এপ্রিলে ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়।