সামশুর জয়, দিদার যুগের অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জব্বারের বলীখেলায় সামছু বলী (ডানে) ও দিদার বলীর চূড়ান্ত লড়াইয়ের একটি মুহূর্ত। ছবিটি গতকাল চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠ থেকে তোলা l প্রথম আলো
জব্বারের বলীখেলায় সামছু বলী (ডানে) ও দিদার বলীর চূড়ান্ত লড়াইয়ের একটি মুহূর্ত। ছবিটি গতকাল চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠ থেকে তোলা l প্রথম আলো

আবদুল জব্বার স্মৃতি বলীখেলা বা কুস্তি প্রতিযোগিতার ফেবারিট ছিলেন দশবারের চ্যাম্পিয়ন রামুর দিদার বলী। তিনি মঞ্চে উঠতেই দর্শক সারি থেকে ‘দিদার দিদার’ বলে উল্লাসধ্বনি। শুরু হলো লড়াই। দিদার বলীর প্রতিপক্ষ উখিয়ার সামশু বলী। আধা ঘণ্টার লড়াইয়ে কেউ কাউকে হারাতে পারেননি। শেষে কলাকৌশল বিবেচনায় সামশুকে বিজয়ী ঘোষণা করেন বিচারকেরা। অবসান হয় দিদার যুগের।
গতকাল সোমবার চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে এই বলীখেলা হয়। প্রতিবছর ১২ বৈশাখ জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা বসে। এবার ছিল ১০৭তম আসর।
এবার মোট ৯৬ জন বলী প্রতিযোগিতার জন্য নিবন্ধন করেন। চ্যাম্পিয়ন রানারআপসহ ৩৯ জন পুরস্কার পান। কেউ নিয়মকানুনের জন্য বাদ পড়েন, আবার কেউ নিজে থেকে সরে দাঁড়ান। বলীখেলায় কিশোরদের অংশগ্রহণ যেমন ছিল, তেমনি ছিলেন ষাটোর্ধ্ব বলীরাও।

মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সানি দাশগুপ্ত শখের বশে চলে আসে বলী খেলায় অংশ নিতে। তার চেয়ে বয়সে বড় একজনকে হারিয়ে পুরস্কারও জেতে সে।

এবার ষাটোর্ধ্ব বলীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কাশেম, ছালেহ আহমদ ও মফিজ বলী। কাশেম ও মফিজ প্রায় ১০ মিনিট লড়াই করে কেউ কাউকে হারাতে পারেননি। শেষে দুজনকে জয়ী ঘোষণা করা হয়।

গতকাল প্রথম সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন দিদার নারায়ণগঞ্জের হাবিব বলীকে দুই মিনিটের মধ্যেই হারিয়ে দেন। পরের সেমিতে সামশুর কাছে হেরে যান গতবারের রানারআপ ব্রাহ্মণবাড়িয়ার অলি বলী। এরপর দিদার ও শামসুর চূড়ান্ত লড়াই শুরু হয়। ৩১ মিনিট ধরে দুজনের লড়াই চলে। কিন্তু শেষ পর্যন্ত কেউ কাউকে হারাতে পারেননি।

বিচারক আবদুল মালেক বলেন, দিদারের চেয়ে সামশুর কৌশল ভালো ছিল। এ ছাড়া দিদার অখেলোয়াড়সুলভ আচরণও করেছেন। তাই সামশুকে বিজয়ী ঘোষণা করা হয়।

চ্যাম্পিয়ন সামশুকে ট্রফিসহ ২০ হাজার এবং রানারআপ দিদারকে ট্রফিসহ ১৫ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া ৩৭ জন বিজয়ীকে এক হাজার টাকা করে এবং ট্রফি দেওয়া হয়।

চ্যাম্পিয়ন সামশু বলেন, ‘আমি আগেও তিনবার এখানে খেলে জিততে পারিনি। এবার পারলাম। ভালো লাগছে।’ সামশু পেশায় কাঠ ব্যবসায়ী।

মুদিদোকানি দিদার বলী বিচারকদের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার প্রতি অবিচার করা হয়েছে।’

সামশু ও দিদার সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত ডিসি সাহেবের বলীখেলায় যুগ্ম চ্যাম্পিয়ন হন।

এবারের বলীখেলার পৃষ্ঠপোষক ছিল গ্রামীণফোন। বলীখেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধক ছিলেন নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চট্টগ্রাম সার্কেল হেড এম শাওন আজাদ, রিজিওনাল হেড (সেল) সিরাজ উদ্দিন লস্কর এবং ওয়ার্ড কাউন্সিলর ও মেলা কমিটির সভাপতি জহরলাল হাজারী।

বলীখেলাকে কেন্দ্র করে তিন দিনব্যাপী মেলায় ছিল নারী-পুরুষের ভিড়। প্রায় আড়াই কিলোমিটার এলাকাজুড়ে বসে এই মেলা। মেলা শেষ হবে আজ মঙ্গলবার।

১৯০৯ সালে ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে তরুণদের উদ্বুদ্ধ করতে এই বলীখেলার আয়োজন করেছিলেন। সেই থেকে এটি জব্বারের বলীখেলা নামে পরিচিত।