মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে প্রয়াত চেয়ারম্যান সামসুদ্দিন প্রধানের স্ত্রী মর্জিনা বেগম চার হাজার ৪৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এই উপনির্বাচনে মোট ছয়জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মর্জিনা বেগমের নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহান মাস্টার দুই হাজার ৩০৬ ভোট ও জাহাঙ্গীর হোসেন সরকার এক হাজার ৯০ ভোট পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও গজারিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন জানান, নির্বাচনে ১০টি কেন্দ্রের সব কটিকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। তাই নিরাপত্তাব্যবস্থাও কঠোর করা হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে মর্জিনা বেগমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাচনে অংশ নেওয়া মো. বিল্লাল হোসেন, শহিদুজ্জামান ও হুমায়ুন কবিরের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
গত ২৩ মার্চ গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের হামলায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন প্রধান নিহত হলে পদটি শূন্য হয়।