সামাজিক অনুষ্ঠানের আড়ালে ভূরিভোজের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবেমাত্র তফসিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র এখনো দাখিল করা হয়নি। নির্বাচনের বাকি এখনো এক মাস। কিন্তু সম্ভাব্য প্রার্থীরা বসে নেই। সন্তানের আকিকা কিংবা জন্মদিন, বাবা-মায়ের মৃত্যুবাষির্কী উপলক্ষ করে আয়োজন করা হচ্ছে ‘নির্বাচনী ভূরিভোজ’। এই চিত্র মাদারীপুরের শিবচর উপজেলার।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ মে শিবচর উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়ন বাছাই হবে ৭ ও ৮ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৫ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১ জুন।গত শুক্রবার বিকেলে উপজেলার কাদিরপুর, কুতুবপুর, চান্দেরচর, ভদ্রাসন, পাচ্চর, মাদবরেরচর বাজার ঘুরে দেখা যায়, ছোট-বড় সব চায়ের দোকানে চলছে নির্বাচনী আলোচনা। চায়ের দোকানের সামনে কোনো ভোটার এলেই যত্নের সঙ্গে চা খাওয়ানো হচ্ছে। ভ্যানচালক রইজ উদ্দিন বলেন, ‘এহন চা খাইতে টাহা লাগে না। বিকাল অইতে না অইতে চায়ের দোকানগুলাতে থাকে ভোটের আড্ডা। আইলেই প্রার্থীর লোকজনেরা টাইনা নিইয়া চা খাওয়ায়।’ চায়ের দোকানি সালাম, কবির ও শাহ আলম জানান, এখন আগের তুলনায় চার গুণ চা বেশি বিক্রি হচ্ছে।ভোটার মান্নান মিয়া, রিপন ও ফারুক হোসেন বলেন, এখন অনেক ইউনিয়নে আকিকা, জন্মদিন, মৃত্যু দিবসের আড়ালে চলছে প্রার্থীদের ভূরিভোজের আয়োজন। আসলে এগুলো সামনে রেখে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৭ এপ্রিল শিবচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজেদা তালেফ নিজ বাড়িতে নির্বাচনী ভূরিভোজের আয়োজন করেন। তবে সাজেদা তালেফ দাবি করেন, ‘আমার নাতনির আকিকা উপলক্ষে এলাকাবাসী ও আত্মীয়দের দাওয়াত দিয়েছিলাম। আমি নির্বাচন করব। তবে তার জন্য এই আয়োজন করিনি। আমার বিপক্ষের লোকেরা এগুলো রটাচ্ছে।’উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমি কয়েক জায়গায় বিশাল খাওয়া-দাওয়ার কথা শুনে এলাকায় গিয়েছিলাম। তবে গিয়ে শুনি ছেলের আকিকা, বাবার মৃত্যু দিবস উপলক্ষে খাওয়া-দাওয়ার আয়োজন। এসব ব্যাপারে কথা বলতে গেলে আবার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। তাই কিছু বলিনি। তবে কোনো সম্ভাব্য প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’