সামাজিক অবক্ষয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাগর নামের এক বড় ভাইয়ের মোবাইলে দৃশ্যগুলো দেখি। পরে নিজের মোবাইলে সেগুলো নিই। পরে...।’ পরনে নীল শার্ট ও কালো প্যান্ট। চোখে পানি। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে কথাগুলো বলছিল ১২ বছর বয়সী এক শিশু।
সমাজবিজ্ঞানীর মতে, দোষ ওই শিশুটির নয়, দোষ পুরো সমাজব্যবস্থার। সামাজিক অবক্ষয়ের কারণে এ ধরনের ঘটনা ঘটছে।
ঘটনার কথা স্বীকার করে গতকাল বিকেলে মহানগর হাকিম নুরে আলম ভূঁইয়ার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় ওই শিশুটি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সমাজবিজ্ঞানী ইফতেখার উদ্দিন চৌধুরী আক্ষেপ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘দোষ ওই দুই শিশুর নয়। দোষ আমাদের সমাজব্যবস্থার। সমাজ যেভাবে অবক্ষয়ের দিকে যাচ্ছে, ভবিষ্যৎ বলা কঠিন। একজন শিশুর হাতে কেন মোবাইল ফোন আসবে। আর তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহার থাকলেও তার নিয়ন্ত্রণ থাকা জরুরি। অভিভাবককে সচেতন হতে হবে, তার ছেলেমেয়ে কোথায় যাচ্ছে; কার সঙ্গে মিশছে। তা ছাড়া ছেলেমেয়ের সঙ্গে অভিভাবকদের বন্ধুর মতো মিশে যৌনশিক্ষাসহ যাবতীয় আচরণ ছোটকাল থেকে শিক্ষা দিতে হবে। নইলে সমাজে শিশু-কিশোর অপরাধ বাড়তে থাকবে।’
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, ২৫ সেপ্টেম্বর হালিশহর এলাকায় মুরগির দোকানের কর্মচারী ১২ বছরের এক শিশু পার্শ্ববর্তী এলাকার সাত বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় কন্যাশিশুটির বাবা বাদী হয়ে হালিশহর থানায় ধর্ষণ আইনে মামলা দায়ের করেন। পরে শিশুটিকে পুলিশি হেফাজতে নিয়ে আদালতে পাঠানো হয়। আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোবাইল ফোনে দৃশ্য দেখেই ধর্ষণ করার কথা স্বীকার করে। কন্যাশিশুটি বর্তমানে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছে। তার বাবা সিএনজি অটোরিকশাচালক গতকাল বলেন, ‘আমার মেয়ের জীবন শেষ করে দিছে। আমি এর বিচার চাই।’
শিশুটি আদালত প্রাঙ্গণে বলে, ‘মোবাইলে দেখে আমার ভুল হয়ে গেছে। আমি আর এসব করব না।’