সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক আনসার উদ্দীন বলেন, অধ্যাপক রেজাউলের মতো সৎ, নিষ্ঠাবান মানুষকে নৃশংসভাবে খুন করা হলো। তাঁর মতো মানুষকে যদি খুন করা হয়, তাহলে আমরা সবাই হত্যার হুমকির মুখে। তাই আসুন আমরা সবাই এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হই। তা ছাড়া হত্যার মিছিল থামবে না।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফয়জার রহমান বলেন, ‘আজকে আমাদের ক্লাস রুমে, পরীক্ষার হলে, গবেষণাগারে থাকার কথা কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছি। অথচ এ আন্দোলনের কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না। জানি না, এ আন্দোলন কত দূর যাবে, নাকি, স্তিমিত হয়ে যাবে। অতীতের হত্যা মামলাগুলোর পরিণতি আমাদের শঙ্কিত করে তোলে।’
দর্শন বিভাগের শিক্ষক এস এম আবু বকর বলেন, ‘সভ্যতা আজ ধ্বংসের কিনারায় এসেছে। যারা খুন করছে তারা এ সমাজেরই অংশ। আর আমি সমাজের একজন হয়ে এ হত্যার দায় এড়াতে পারি না। যেখানেই হত্যা হবে সেখানেই আতঙ্ক, প্রতিহিংসা জাগ্রত হবে এবং মনুষ্যত্ব ক্ষয় হবে। তাই দায় নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ বলেন, ‘দেশের জন্য নিবেদিত প্রাণ শিক্ষকদের এভাবে হত্যা করা হলে জাতি মেধাশূন্য হয়ে পড়বে।’
সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাংলা বিভাগের প্রভাষক গৌতম গোস্বামী, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রভাষক দিলীপ কুমার সরকার। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এন্তাজুল হক, প্রক্টর মজিবুল হক আজাদ খানসহ দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আধঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে যোগ দেয় ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সেখানে মানববন্ধন শেষে তাঁরা একটি মৌন মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ (অধ্যাপক রেজাউলের ডাক নাক মুকুল) এসে তাঁরা সমাবেশ করে।
গত ২৩ এপ্রিল সকালে রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসার কাছেই অধ্যাপক সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।