‘সামাজিক আন্দোলনের মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধ করতে হবে।’ মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম যশোর শহরে একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত স্টেকহোল্ডার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গতকাল মঙ্গলবার দুপুরে এ কথা বলেন। বাল্যবিবাহ রোধের আহ্বান জানিয়ে শাহিন আনাম বলেন, নিরাপত্তাহীনতার কারণে বাবা-মায়েরা স্কুলপড়ুয়া মেয়েদের বিয়ে দিয়ে দেন। কিন্তু স্বামীর ঘরে গিয়ে এ মেয়েরা কি নিরাপত্তা পাচ্ছে? বাল্যবিবাহের শিকার মেয়েরা অপ্রাপ্ত বয়সে অসুস্থ সন্তান জন্ম দিয়ে বাবার বাড়িতে ফিরে আসছে। একটি মেয়ের জীবনে বাল্যবিবাহের মতো সহিংসতা আর নেই বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সামাজিক সংগঠন জনউদ্যোগের আহ্বায়ক এম আর খায়রুল, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা মাহবুবুর রহমান, অর্থনীতিবিদ অধ্যাপক সুকেশ জোয়াদ্দার, বেসরকারি সংগঠন সুসমাজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুজিব-উদ-দৌলা, শার্শা উপজেলার উলাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইনাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঊষার (ইউনিটি ফর সোশ্যাল অ্যান্ড হিউম্যান অ্যাকশন) নির্বাহী পরিচালক হোসেনেয়ারা খান। সম্মেলনে ক্ষুদ্রঋণ গ্রহীতা নারী, স্থানীয় বাজার কমিটি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, নির্যাতনের শিকার নারী ও নারী নির্যাতন নিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও অধিকারবিষয়ক প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ‘ঊষা’ এ অনুষ্ঠানের আয়োজন করে।