সামাজিক ও রাষ্ট্রীয় বৈষম্যের শিকার দলিত জনগোষ্ঠী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মোট জনসংখ্যার ২৫ শতাংশ দারিদ্র্যসীমার নিচে বাস করে। এর ৬ শতাংশই দলিত জনগোষ্ঠী। দেশে এখন দলিত জনগোষ্ঠী আছে প্রায় ৭০ লাখ। কিন্তু সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের শিকার হচ্ছে তারা।
গতকাল সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ দলিত নারী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন সাংসদ মনোরঞ্জন শীল গোপাল।
মনোরঞ্জন শীল বলেন, দেশে চামড়া, চামড়াজাত দ্রব্য ও বাঁশ-বেতের সনাতন শিল্পী হিসেবে জাতীয় আয়ের সঞ্চালনে অবদান রাখছে দলিত জনগোষ্ঠী। কিন্তু কালক্রমে পেশাচ্যুত, নিরাপত্তাহীনতা ও পর্যাপ্ত রাষ্ট্রীয় পরিষেবা থেকে তারা বঞ্চিত। অথচ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে নিজেদের অবদানে আরও সক্রিয় হয়ে উঠবে তারা।
সম্মেলনে বাংলাদেশ দলিত নারী আন্দোলনের সভাপতি দীপালি রানী দাসের সভাপতিত্বে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, বেসরকারি সংস্থা রিইবের নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, দলিত ঋষি পঞ্চায়েত ফোরামের সভাপতি রামানন্দ দাস, হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস, বেসরকারি সংস্থা শারির উপসমন্বয়ক রঞ্জন বকসী প্রমুখ বক্তব্য দেন। পরে পিংকী রানী দাসকে সভাপতি ও মুক্তা রানীকে সাধারণ সম্পাদক করে দলিত নারী আন্দোলনের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।