সামাজিক কাজ করে অনন্য স্থানে প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে গতকাল শনিবার প্রথম আলোর বিদেশি বন্ধুদের নিয়ে প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত (বাঁ থেকে) জি এম কাদের, অমিতাভ দত্ত, সম্পাদক মাহ্ফুজ আনাম, মুকুল হুমাগিন, কামাল আলী গাবালা, দেব মুখার্জি, লরেন্স লিফশুল্ত্জ, কুলদীপ নায়ার, রবীন্দ্র ধারিওয়াল, সাখাওয়াত হোসেন, হুমায়ন কবীর, রাশেদা কে চৌধূরী, কামাল আহমেদ, সৌম্য বন্দ্যোপাধ্যায়, রজত রায় ও হীরক বন্দ্যোপাধ্যায় ষ ছবি: প্রথম আলো
১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে গতকাল শনিবার প্রথম আলোর বিদেশি বন্ধুদের নিয়ে প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত (বাঁ থেকে) জি এম কাদের, অমিতাভ দত্ত, সম্পাদক মাহ্ফুজ আনাম, মুকুল হুমাগিন, কামাল আলী গাবালা, দেব মুখার্জি, লরেন্স লিফশুল্ত্জ, কুলদীপ নায়ার, রবীন্দ্র ধারিওয়াল, সাখাওয়াত হোসেন, হুমায়ন কবীর, রাশেদা কে চৌধূরী, কামাল আহমেদ, সৌম্য বন্দ্যোপাধ্যায়, রজত রায় ও হীরক বন্দ্যোপাধ্যায় ষ ছবি: প্রথম আলো

প্রযুক্তির উৎকর্ষের কারণে বিশ্বজুড়ে ইংরেজি পত্রিকাগুলোর প্রচারসংখ্যা কমছে। তবে দক্ষিণ এশিয়ার বাংলা, হিন্দিসহ অন্যান্য স্থানীয় ভাষার কাগজগুলোতে এ ঢেউ লাগেনি। এর মধ্যে গত ১৫ বছরে প্রচারসংখ্যার শীর্ষে পৌঁছার পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকে নিজেকে অনন্য স্থানে নিয়ে গেছে প্রথম আলো।
গতকাল শনিবার সকালে প্রথম আলোর এক প্রীতি সম্মিলনীতে উপস্থিত দেশ-বিদেশের বিশিষ্টজনেরা এ অভিমত দেন। প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিমন্ত্রিত বিদেশি বন্ধুদের সম্মানে রাজধানীর কারওয়ান বাজারে পত্রিকার কার্যালয়ে এ প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়।
দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রীতি সম্মেলনে ভারতের গণমাধ্যম পরিস্থিতি, মিসর ও নেপালের চলমান রাজনীতির পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান অতিথিদের পরিচয় করিয়ে দেন।
ভারতের প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার বলেন, ইদানীং ভারতের পত্রিকাশিল্পে সরকারের পরিবর্তে করপোরেট সেক্টর আর বিজ্ঞাপনদাতা বড় প্রভাব রাখছে। এ প্রভাব থেকে বের হয়ে এসে কীভাবে ভারসাম্যমূলক অবস্থান তৈরি করতে হবে, তা একটি বড় চ্যালেঞ্জ।
টাইমস অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র ধারিওয়াল বলেন, ‘সবচেয়ে মানসম্পন্ন কাগজ বের করতে হবে। কিন্তু পত্রিকার দাম হবে সবচেয়ে কম। এই দৃষ্টিভঙ্গিই টাইমস অব ইন্ডিয়ার সাফল্যের মূল সূত্র। তা ছাড়া নিরপেক্ষতা, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতার মতো মূল্যবোধের পাশাপাশি মানবিক বিষয়গুলোতে অগ্রাধিকার আমাদের বিশেষ অবস্থানে নিয়েছে।’
লরেন্স লিফশুল্ৎজ বলেন, সাহসিকতা, গঠনমূলক সমালোচনা ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য প্রথম আলো ও দ্য ডেইলি স্টার বাংলাদেশের সাংবাদিকতাকে বিশেষ জায়গায় নিয়ে গেছে।
মিসরের আল-আহরাম পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামাল গাবালা বলেন, ‘২০১১ সালের জানুয়ারির পর এক সন্ধিক্ষণ পার করছে মিসর। সরকার-সমর্থক হওয়ায় আল-আহরাম-এর প্রতি পাঠকের আস্থা কমছে। আগামী দিনে এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।’
সাবেক ভারতীয় কূটনীতিক দেব মুখার্জি বলেন, বিশ্বাসযোগ্যতা ও প্রভাবের দিক থেকে ভারতের অনেক দৈনিকের চেয়ে এগিয়ে রয়েছে প্রথম আলো।
নেপালের কাঠমান্ডু পোস্ট-এর বার্তা সম্পাদক মুকুল হুমাগিন বলেন, রাজনৈতিক টানাপোড়েনের পরও নেপাল এগিয়ে চলছে।
আনন্দবাজার পত্রিকার বার্তা সম্পাদক হীরক বন্দ্যোপাধ্যায়, বাজারের প্রতিযোগিতা, নিরপেক্ষতা আর পাঠকের চাহিদার মাঝে ভারসাম্য বজায় রাখার মাঝেই নিহিত রয়েছে আনন্দবাজার পত্রিকার সাফল্য।
বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও রাশেদা কে চৌধূরী, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত হুমায়ন কবীর, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু ও অর্থনীতিবিদ বিনায়ক সেন আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর পরামর্শক অমিতাভ দত্ত, রজত রায়, বিপুল গুহ, লন্ডন প্রতিনিধি কামাল আহমেদ, নয়াদিল্লি প্রতিনিধি সৌম্য বন্দ্যোপাধ্যায় ও কলকাতা প্রতিনিধি অমর সাহা।