সাক্ষাৎকারে ইউএনএফপিএর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক নবুকো হরিবে
সামাজিক খাতে বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয় হলেও আত্মতুষ্টির সুযোগ নেই

সামাজিক খাতে বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয়। তবে দেশটির আত্মতুষ্টির সুযোগ নেই। ২০১৫ সালের পর বাংলাদেশকে পুরোনো সমস্যাগুলোর পাশাপাশি নতুন কিছু সমস্যার মুখোমুখি হতে হবে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক নবুকো হরিবে সম্প্রিত বাংলাদেশ সফরকালে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন৷
জাপানের নাগরিক নবুকো বলছেন, উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরিকতা।
তবে ২০১৫ সালের পরও বাংলাদেশের জন্য নিরাপদ মাতৃত্ব, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে মানুষকে উৎসাহ দেওয়ার মতো বিষয়গুলো সামনে থাকবে।
এদিকে জীবনমান বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রবীণ জনগোষ্ঠীর হার বাড়বে বলে মনে করেন
নবুকো। কিন্তু প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে এ অঞ্চলের অন্যান্য দেশের মতো বাংলাদেশের প্রস্তুতিও পর্যাপ্ত নয়। নবুকো বলছেন, দেশের ভেতরে ও বাইরে বিপুলসংখ্যক অভিবাসী জনগোষ্ঠী আছে। তাদের উন্নত জীবনযাপনের নিশ্চয়তা বিধানও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে।
প্রসঙ্গত, ১৯৯৪ সালে কায়রোয় ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’-এ ১৭৯টি দেশ উন্নয়নের চারটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এর মূলে রয়েছে মানবাধিকার ও জেন্ডার ইস্যু। আইসিপিডি নামে পরিচিত এই অঙ্গীকারগুলো পূরণের কথা ছিল ২০১৪ সালের মধ্যে। ২০০০ সালে আলাদাভাবে জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ঠিক করে।সেটিরও মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। ২০১৫ সাল থেকে উন্নয়নশীল দেশগুলোয় কোন বিষয়গুলো প্রাধান্য পাবে, তা নিয়ে এখন আলোচনা চলছে।
নবুকো বলেন, বাংলাদেশের জন্য মাতৃমৃত্যুর হার ১৯৯০ সালের তুলনায় অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ছিল। বাংলাদেশ সফল হয়েছে। কিন্তু এখনো হাসপাতালে বা প্রশিক্ষিত ধাত্রীর সহযোগিতায় সন্তান প্রসবের হার কম। বাংলাদেশে মেয়েদের বিদ্যালয়ে যাওয়ার
হার আগের চেয়ে অনেক বেড়েছে। কিন্তু বাল্যবিবাহের হার এখনো অনেক বেশি। সচেতনতা হয়তো কিছুটা বেড়েছে। তবে এর তেমন কোনো প্রভাব দৃশ্যমান হচ্ছে না।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোর পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে নবুকো বলেন, জাপান ও থাইল্যান্ড এগিয়েছে সবচেয়ে বেশি। এ দুটি দেশে স্বাস্থ্যবিমা চালু আছে। গর্ভবতী মায়েরাও এ বিমার সুফল পাচ্ছেন। ভারতের কোনো কোনো রাজ্যেও স্বাস্থ্যবিমা আছে। এ থেকে দরিদ্র মানুষ সুফল পাচ্ছে।
আইসিপিডির লক্ষ্যমাত্রা পূরণে বাধা কী ছিল, জানতে চাইলে নবুকো বলেন, আরও বেশি তহবিল পাওয়া গেলে আরও ব্যাপকভাবে কাজ করা সম্ভব হতো৷ সেই সঙ্গে তহবিলের যথোপযুক্ত ব্যবহারের বিষয়টিও রয়েছে।
নবুকো হরিরে আরও বলেন, সামাজিক অগ্রগতির যে সুফল, তা সবাই সমানভাবে পায়নি। অনেক ক্ষেত্রেই একেবারে নীচুতলার ২০ শতাংশ মানুষের কাছে সেবা পৌঁছায়নি।
জাপানের নাগরিক নবুকো ২০০৮ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক নিযুক্ত হন৷