সামাজিক খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে সরকার: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সাত বছরে সামাজিক খাতগুলোতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে সরকার। নজর দেওয়া হয়েছে অভ্যন্তরীণ চাহিদার ওপর। আর তাই শিক্ষা, স্বাস্থ্যসহ দারিদ্র্য বিমোচনের বিভিন্ন সূচকে বাংলাদেশের সাফল্য অর্জিত হয়েছে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘দারিদ্র্যমুক্ত বিশ্বে বাংলাদেশ’ শীর্ষক গণবক্তৃতার পর ‘এন্ড গ্লোবাল পোভার্টি বাই ২০৩০: শেয়ারিং বাংলাদেশ’স এক্সপেরিয়েন্স’ শীর্ষক প্যানেল আলোচনায় এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্যানেল আলোচনায় আরও উপস্থিত আছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পল রোমার, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অ্যাকশন এইড-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং মোহাম্মদী গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রুবানা হক।

সবার শেষে বিশেষ বক্তব্য দেবেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

আজ ‘আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস’। দিবসটি এ বছর ঢাকায় পালন করছে বিশ্বব্যাংক। এ উপলক্ষে গতকাল রোববার তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। আগামীকাল মঙ্গলবার তিনি ঢাকা ছেড়ে যাবেন।