সামাজিক গণমাধ্যমে সমালোচনার মুখে মোদি
সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্ত অবস্থানের প্রশংসা করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ক্ষেত্রে ‘একজন নারী হওয়া সত্ত্বেও’ শব্দমালা জুড়ে দেন। এ বক্তব্যে সামাজিক মিডিয়া, বিশেষ করে টুইটারে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন নরেন্দ্র মোদি। আর প্রতিবাদকারীদের অধিকাংশই ভারতের নাগরিক।
বিশ্লেষকদের মতে, মোদি হয়তো রাজনীতিতে নারীর শক্তিমত্তা তুলে ধরতে চেয়েছিলেন। তবে তাঁর শব্দচয়ন ভুল হয়েছে।
গত রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক জনবক্তৃতা দেন ভারতের প্রধানমন্ত্রী। এক ঘণ্টার বেশি সময় ধরে দেওয়া বক্তৃতার একপর্যায়ে নরেন্দ্র মোদি বলেন, ‘আমি খুশি যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী হওয়া সত্ত্বেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো রকম ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন।’
টুইটারে ‘একজন নারী হওয়া সত্ত্বেও’ (#DespiteBeingAWoman) নামে একটি হ্যাশট্যাগ ব্যবহার করে মোদির সমালোচনা চলছে।
ওই হ্যাশট্যাগ ব্যবহার করে ভারতীয় লেখক মিহির শর্মা বলেন, একজন প্রধানমন্ত্রী এটা বলেছেন, এটি বিশ্বাস করাও কঠিন।
ইন্ডিয়া টুডের জ্যেষ্ঠ সম্পাদক গায়েত্রী জয়ারমান টুইটারে লিখেছেন, ‘ঠিক আছে, কাজ বন্ধ। রান্নার পর বাচ্চাকে স্কুলে পাঠানো থেকে বড় কোনো প্রতিবেদন লেখা এবং কোনো কিছুর জন্য সংক্ষিপ্ত ভ্রমণ। আমার চেনা অন্য সব নারীর মতোই।’
অভিনেত্রী টুইংকেল খান্না তাঁর টুইটারে লিখেছেন, ‘হা হা হা, আমাদের জন্য না। ভেতরে ভেতরে আমরা সবাই আসলে পুরুষ, শুধু প্রতিদিন সকালে সতর্কভাবে আমাদের গোঁফ ফেলে দিই।’
প্রতীক সিনহা নামের এক ব্লগার লিখেছেন, ‘একজন নারী হওয়া সত্ত্বেও’ মেরি কুরি পদার্থ ও রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার জিতেছিলেন।
সফর শেষে মোদির টুইট: দুই দিনের বাংলাদেশ সফরকালে যে আতিথেয়তা পেয়েছেন, তাতে মুগ্ধ হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, এই সফর বাংলাদেশ ও ভারতকে একটি শক্তিশালী অংশীদারত্বের পথে আরও এগিয়ে নেবে। সফর শেষে রোববার রাতে টুইটার বার্তায় এসব মন্তব্য করেছেন তিনি। বাসস এ খবর জানিয়েছে।