চট্টগ্রামে আলোচনা সভায় বক্তারা বলেছেন, ব্যবসায় স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যেসব প্রতিষ্ঠান এই দায়বদ্ধতা পালন করছে, তাদের প্রতি জনগণের আস্থা বাড়ছে। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সামাজিক দায়বদ্ধতা পালন করে দেশে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।গতকাল শনিবার চট্টগ্রামের একটি হোটেলে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) উদ্যোগে ব্যবসায়ীদের সঙ্গে সভার আয়োজন করা হয়। ‘সিএসআর প্রেজেন্টেশন’ শীর্ষক সভায় সহায়তা করে মানুষের জন্য ফাউন্ডেশন। সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি রোকেয়া আফজাল রহমান বলেন, মানুষ ভালো কাজের সঙ্গে যুক্ত হতে চায়। এ জন্য যেসব প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতা পালন করছে, তাদের প্রতি মানুষের আস্থাও বাড়ে। এ আস্থা কাজে লাগিয়ে ব্যবসার প্রসার ঘটানোর সুযোগ আছে। ব্যবসায়ীরা ভোক্তা বা সমাজ থেকে মুনাফা করছেন। তাই সমাজে তাঁদের কিছু দেওয়ার দায়িত্বও থেকে যায়।জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জাহান আরা সিদ্দিকি বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানকে সামাজিক দায়বদ্ধতা পালনে আগ্রহী করে তুলতে বিধিবিধান সহজ করা হয়েছে। সরকার একা সবকিছু করতে পারে না। এ জন্য শিক্ষা, স্বাস্থ্যসহ যেসব খাতে আরও সহযোগিতার দরকার, সেসব খাতে করপোরেট প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা উচিত। বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখার মহাব্যবস্থাপক নওশাদ আলী বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো যাতে সামাজিক দায়বদ্ধতা পালন করে, সে জন্য খাত চিহ্নিত করে দেওয়া হয়েছে। সামাজিক দায়বদ্ধতার প্রসারে বাংলাদেশ ব্যাংক এখন বেশি গুরুত্ব দিচ্ছে।সভার সঞ্চালক ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, সিএসআর তহবিলের সঠিক ব্যবহার দারিদ্র্য বিমোচনের মূল হাতিয়ার হতে পারে। সভায় চট্টগ্রামের বড় শিল্প গ্রুপের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা সামাজিক দায়বদ্ধতা পালনে আগ্রহ প্রকাশ করেন। এ জন্য তাঁরা সরকারের কাছ থেকে প্রণোদনা ও পদ্ধতিগত সহায়তা কামনা করেন। অনুষ্ঠানে এমআরডিআই পরিচালিত সামাজিক অনুসন্ধানভিত্তিক দুটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।