নাসরিন খন্দকার স্মৃতি অনুষ্ঠানে রেহমান সোবহান
সামাজিক দায়বদ্ধতার অভাবেই সাভারের মতো দুর্ঘটনা ঘটে
সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করার মনোভাবের অভাবেই সাভারের মতো দুর্ঘটনা ঘটে। এর মূলে রয়েছে সমাজের অন্যায় ও অসমতা। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘অধ্যাপক নাসরিন খন্দকার স্মৃতি স্বর্ণপদক-২০১১’ শীর্ষক অনুষ্ঠানে সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান এসব কথা বলেন। তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার মানসিকতা নিয়ে কাজ করা মানুষদের মধ্যে নাসরিন খন্দকার ছিলেন অনুসরণীয়। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে নাসরিন খন্দকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রদর্শিত হয় তাঁর বর্ণাঢ্য জীবনকর্ম নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র। অনুষ্ঠানে বক্তারা বলেন, নাসরিন খন্দকার ছিলেন অত্যন্ত দায়িত্বনিষ্ঠ। শিক্ষকতার পাশাপাশি ব্যক্তিজীবনে তিনি নিষ্ঠার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নারীর ক্ষমতায়নে তিনি ছিলেন অত্যন্ত সোচ্চার।অনুষ্ঠানে ২০১১ সালে সর্বোচ্চ জিপিএ পাওয়া অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মনিরুজ্জামানকে স্বর্ণপদক এবং ফৌজিয়া হক ও মো. আরিফ হককে স্মৃতি বৃত্তি দেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত, নাসরিন খন্দকারের মা খালিদা হালুম প্রমুখ বক্তব্য দেন। অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।