সামাজিক দায়িত্ব পালনে রাষ্ট্র ব্যর্থ
সামাজিক দায়িত্ব পালনে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। গতকাল বৃহস্পতিবার যৌনকর্মীদের অধিকার নিয়ে অনুষ্ঠিত একটি গণশুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এই শুনানিতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
প্রতীকী এ গণশুনানি শেষে নেওয়া ১০ সিদ্ধান্তের বাকিগুলো হলো: পুনর্বাসন না করা পর্যন্ত পেশা হিসেবে যৌনবৃত্তিকে স্বীকৃতি দেওয়া; পুলিশি হয়রানি বন্ধ ও আইনগত ব্যবস্থা নেওয়া; যৌনপল্লিগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা; আদালত ও বিচারককে যৌনকর্মীদের প্রতি আরও সংবেদনশীল হওয়ার অনুরোধ; যৌনকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলায় রাষ্ট্রীয় সহযোগিতা দেওয়া; সংবিধানস্বীকৃত সব অধিকার প্রয়োগ ও সেই অধিকার সুরক্ষা করা; তাঁদের বিরুদ্ধে সব শাস্তিমূলক আইন বাতিল করা; আইনি সুরক্ষার জন্য প্রয়োজনে নতুন আইন করা এবং দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা।
দুটি সুপারিশও করা হয় শুনানি শেষে। এক. যৌনকর্মীদের অধিকার লঙ্ঘনের বিষয়ে মানবাধিকার কমিশনে অভিযোগ করা যাবে এবং মানবাধিকার কমিশন তাঁদের পক্ষে আইনি লড়াই ও প্রশাসনিক সহযোগিতা দেবে। দুই. জনপ্রতিনিধিদের যৌনকর্মীদের পাশে দাঁড়াতে হবে এবং সব বেসরকারি সংস্থার সমন্বয়ে যৌনকর্মীদের স্বার্থ রক্ষার্থে ‘যৌনকর্মীদের অধিকার রক্ষা কমিটি’ করা, যার নেতৃত্বে থাকবেন যৌনকর্মীরা।
মানবাধিকার কমিশন, সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক, যৌনকর্মীদের অধিকার আন্দোলনে নাগরিক জোট-সংহতি ও সেক্স ওয়ার্কার্স এলাইজ সাউথ এশিয়া যৌথভাবে এ শুনানি করে। শুনানিতে দেশের বিভিন্ন অঞ্চলের সাতজন যৌনকর্মী তাঁদের জীবনযাত্রা ও সমস্যা সম্পর্কে জবানবন্দি দেন।
শুনানিতে একজন যৌনকর্মী বলেন, ‘আমরা তো সমাজে চিকিৎসকের ভূমিকা পালন করি। আমরা না থাকলে ঘরের মা-বোনের ওপর হয়তো নির্যাতন চালানো হতো।’ পুলিশের আচরণ সম্পর্কে তিনি বলেন, ‘তিন-চার মাস আগে রাস্তায় এক ব্যক্তির সঙ্গে কথা বলার সময় আমাকে আটক করে মিরপুর থানার পুলিশ। লোকটাকে ছেড়ে দিলেও আমাকে নির্যাতন করা হয়। পাঁচ হাজার টাকা নেওয়ার পরও আমাকে চালান দেওয়া হয়।’
টাঙ্গাইল থেকে আসা এক যৌনকর্মী বলেন, ‘সম্প্রতি টাঙ্গাইলের যৌনপল্লি উচ্ছেদের পর কেউ আমাদের বাড়িভাড়া দেয় না। এমনকি নিজের টাকায় জমি কিনে বাড়ি বানালে সেখান থেকেও তাড়িয়ে দেওয়া হয়।’
সম্প্রতি নির্যাতনের শিকার হয়েছেন ঢাকার এক যৌনকর্মী। তিনি বলেন, ‘এলাকার ছয়-সাতজন মাস্তান একদিন আমাকে প্রচণ্ড মারধর করে। জ্ঞান হারিয়ে আমি হাসপাতালে ভর্তি ছিলাম। থানায় মামলা করতে গেলে পুলিশ নেয়নি।’
রাজধানীর সদরঘাট থেকে আসা একজন বললেন, ‘আমরা ধরা পড়ার পর টেলিভিশনে ছবি দেখানো হয়। আমাকে দেখানোর মাধ্যমে আমার পরিবারকে হেয় করা হয়। কিন্তু তারা তো কোনো দোষ করেনি।’
মানবাধিকার চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সামাজিক নানা কারণে মর্যাদা না পেলেও আদিকাল থেকে যৌনবৃত্তি টিকে আছে। এ পেশাকে স্বীকার না করা হলো সত্যকে অস্বীকার করা। তাঁরা তো সবাই বাধ্য হয়েছেন এ পেশা বেছে নিতে। অথচ তাঁদের জীবনের পরতে পরতে মানবাধিকার লঙ্ঘন, সংবিধানের লঙ্ঘন হচ্ছে।
যৌনকর্মীদের মানবাধিকার রক্ষায় করণীয় নিয়ে বিশেষজ্ঞ মতামত দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফিরদৌস আজিম, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সমন্বয়ক শিপ্রা গোস্বামী, শিক্ষক হিলাল উদ্দিন খান আরেফিন ও নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির। অনুষ্ঠানে দুই শতাধিক যৌনকর্মী, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক ও শিক্ষার্থী, মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।