সামাজিক দূরত্ব নিশ্চিতে মণিরামপুরে ব্যতিক্রমী বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হচ্ছে। কিন্তু বাজারগুলোতে ভিড় লেগেই রয়েছে, নিরাপদ দূরত্ব মানা হচ্ছে না। সামাজিক দূরত্ব নিশ্চিত করে কেনাকাটা নিশ্চিত করতে যশোরের মণিরামপুর পৌর শহরে বিশাল খোলা মাঠে ব্যতিক্রমী কাঁচাবাজারের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

মণিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (উইএনও) মো. আহসান উল্লাহর উদ্যোগে উপজেলার পৌর শহরের খুচরা কাঁচাবাজার সরিয়ে নিয়ে মণিরামপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বিশাল খেলার মাঠে বাজারের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ বাজার চালু হয়েছে।

বাজারে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে কাঁচাবাজারে হ্যান্ড মাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটার জন্য আহ্বান ও সামাজিক দূরত্ব সুষ্ঠুভাবে বজায় রাখতে পৌরসভার ১০ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।

ইউএনও বলেন, বাজারগুলোতে ভিড়ের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছিল না। এর পরিপ্রেক্ষিতে সুবিশাল স্কুল মাঠে খুচরা কাঁচাবাজার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, মণিরামপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠটি অনেক বড় হওয়ায় সব কাঁচামাল ব্যবসায়ীদের এ মাঠে বসার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের একজন থেকে আরেকজনকে তিন ফুট দূরত্ব বজায় রেখে দোকান বসাতে দাগ কেটে দেওয়া হয়েছে। ক্রেতারাও নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার সুযোগ পাবেন।

পৌরসভার কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, ইউএনওর দিকনির্দেশনায় স্বেচ্ছাসেবীরা সকাল ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের কেনাকাটা নিশ্চিত করেছেন। তাঁরা সব সময় সব শ্রেণির মানুষের কল্যাণে কাজ জন্য করে যাচ্ছেন।

উল্লেখ্য, মণিরামপুর ইউএনওর আহ্বানে পৌরসভা ও উপজেলার প্রতি ইউনিয়নে শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে। ইউএনও উপস্থিত হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ইউনিয়নে গঠিত স্বেচ্ছাসেবীর সঙ্গে কথা বলে তাঁদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দিয়ে চলেছেন। স্বেচ্ছাসেবীরা তাঁর নির্দেশনামতো কাজ করে চলেছেন।

লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়