সামাজিক দূরত্ব বর্ধন, করমর্দন থেকে পদমর্দন

বর্তমানে করোনাভাইরাস বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় মহামারি বা স্বাস্থ্যসংকট হিসেবে আবির্ভূত হয়েছে। এ ভাইরাস বিশ্বব্যাপী অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে আঘাত হেনেছে। এমনকি, কোনো কোনো দেশে সংক্রমণ রোধ করার নামে বাক্স্বাধীনতা বা তথ্য প্রকাশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে। চীন, সাইবেরিয়া, ইরান, ভেনেজুয়েলাসহ কয়েকটি দেশ করোনা-সম্পর্কিত রিপোর্টিংয়ের জন্য সাংবাদিকদের গ্রেপ্তার করেছে। ৪ এপ্রিল করোনা মোকাবিলার ‘নিয়ম না মানায়’ ফিলিপাইনে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ১৪ এপ্রিল ক্যালিফোর্নিয়ায় গুলিতে আহত হয়েছে ছয়জন।
মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে অনেক দেশেই। গুলি চালানো হয়নি বাংলাদেশে কিন্তু কান ধরে ওঠবস করার মতো অমানবিক ঘটনা ঘটেছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে সামাজিক সংকট সৃষ্টি হচ্ছে। করোনা সন্দেহে মাকে সন্তানেরা ফেলে এসেছেন গাজীপুর জেলার সফিপুরের বনে। ধর্মীয় অনুশাসনেও আঘাত হেনেছে করোনা। সৌদি আরবসহ বিভিন্ন দেশে মসজিদে জামাতে নামাজ পড়া বন্ধ হয়েছে। পারিবারিক-সামাজিক ব্যবস্থাপনায় লাশের দাফন-কাফনের পরিবর্তে তা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। যেখানে জানাজায় শত শত মানুষ অংশগ্রহণ করত, সেখানে কয়েকজনে তা সৎকার করছেন। নিকটতম লোকজনও লাশ দাফন-কাফনে অংশগ্রহণ করতে পারছেন না বা অংশগ্রহণ করছেন না। আক্রান্ত দেশে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে। আমাদের মতো উন্নয়নশীল দেশে জীবন আগে নাকি জীবিকা আগে, সে প্রশ্ন ছুড়ে দিয়েছেন অসহায়-সম্বলহীন মানুষ। এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন সরকারপ্রধানসহ বিশেষজ্ঞরা। কর্মক্ষেত্রের কর্ম সম্পাদিত হচ্ছে ঘরে বসে অনলাইনে। মানবিক ও মানবসেবার ধরন পাল্টে গেছে। স্বাস্থ্যবিধিতে নতুন ধারা ও ধারণা যুক্ত হচ্ছে।
সামাজিক-সাংস্কৃতিক পরিমণ্ডলে ব্যাপক প্রভাব ফেলেছে ছোঁয়াচে রোগ করোনা। নিকটজনও নিকট সংস্পর্শে আসতে পারছেন না। জীবন বাঁচাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে। সামাজিক দূরত্ব ও করোনামুক্ত থাকতে ছোট একটা অঙ্গভঙ্গি করমর্দন বা হ্যান্ডশেক পরিবর্তিত হয়ে নতুন ধরন ধারণ করেছে। প্রীতিজ্ঞাপনের ছোট এ অঙ্গভঙ্গি করমর্দন অনেকের জীবনের জন্য জীবাণু হুমকি হতে পারে। আবার এর বিকল্প ব্যবহারে অনেকের প্রাণ বেঁচে যেতে পারে। কারণ গবেষণায় দেখা যায়, শতকরা ৮০ ভাগ ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জাসহ বিভিন্ন সংক্রমণ রোগে আক্রান্ত হয় হাতের মাধ্যমে।
হাতের মাধ্যমে সংক্রমণ ঘটা সত্ত্বেও চিরায়ত সামাজিক সৌজন্যবোধের অংশ হিসেবে অভিবাদন জানাতে করমর্দন করা হয়ে থাকে। কিন্তু মহামারি করোনা সেই চিরায়ত ধারাকে বাতিল করতে বাধ্য করেছে। ছোঁয়াচে রোগ হওয়ায় করমর্দন (কর অর্থ হাত এবং মর্দন অর্থ ঝাঁকুনি বা মেলানো বোঝায়) করা যাবে না। কারণ করমর্দনের মাধ্যমে করোনা সহজেই একজন থেকে অন্যজনের মধ্যে সংক্রমিত হয়। এ জন্য স্বাস্থ্যবিধির নতুন ধারায় যুক্ত হয়েছে কনুইমর্দন (elbow bump/shake), মুষ্টিমর্দন (fist bump/shake) বা পদমর্দন (leg shake)। এখন আক্রান্ত ব্যক্তি না হলে একে অপরের কনুইতে কনুইতে মর্দন বা ঝাঁকুনি বা স্পর্শ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা সরকারি স্বাস্থ্য সংস্থাগুলো পরামর্শ দিচ্ছে। অথবা পদমর্দন বা একে অপরের পায়ে-পায়ে টোকা দেওয়ার বা স্পর্শ করার কথা বলা হচ্ছে। অর্থাৎ করোনাকাল আমাদের নতুন স্বাস্থ্যবিধি, নতুন ধারণা, নতুন সামাজিক-সাংস্কৃতিক পরিমণ্ডলে বিচরণ করিয়ে দিচ্ছে।
যুগে যুগে বিশ্বজুড়ে সামাজিক সম্ভাষণের রীতিনীতিগুলোর একটি আশ্চর্যজনক বৈচিত্র্য রয়েছে। নিউজিল্যান্ডে মাওরিরা একে অপরের নাক ছুঁয়ে প্রীতিজ্ঞাপন বা শুভেচ্ছা জানান। ইথিওপিয়ান পুরুষেরা কাঁধে এবং কঙ্গোতে পুরুষ বন্ধুরা একে অপরের কপালে স্পর্শ করেন। থাইল্যান্ডসহ এশিয়ার কিছু দেশে দেখা হলে একে অপরের দিকে মাথা নত করে। করমর্দন মধ্যযুগীয় ইউরোপে শুরু হয় বলে অনেকেই মনে করেন। ইউরোপীয় দেশগুলোতে এমনকি কিছু আরব দেশে গালে আলিঙ্গন বা চুম্বন করে করমর্দনের পাশাপাশি। করমর্দনের অনেক আগে এর প্রচলন হলেও উনিশ শতকের দিকে এটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এটি সর্বদা সত্য যে বিশ্বজুড়ে মানুষকে অভিবাদন জানাতে সর্বাধিক সাধারণ অঙ্গভঙ্গি হচ্ছে করমর্দন।
করমর্দন বিশ্বজুড়ে সর্বাধিক সর্বব্যাপী অভিবাদন হলেও মার্কিন যুক্তরাষ্ট্রে তা হারিয়ে যেতে বসেছে করোনাকাল আসার অনেক আগে থেকেই। ওই দেশে মুষ্টিমর্দন বেশির ভাগ ক্রীড়াবিদ এবং তরুণ ব্যবহার করা শুরু করেছেন। হাতের মুষ্টি বেঁধে একে অপরকে মুষ্টির সামনের অংশ দিয়ে স্পর্শ করাকে মুষ্টিমর্দন বলে। এমনকি, বয়স্করাও এটিতে অভ্যস্ত হয়ে উঠছেন। ২০১০ সালের এক সমীক্ষায় দেখা যায়, আমেরিকানদের পাঁচজনের মধ্যে দুজন (প্রায় ৯২ শতাংশ উত্তরদাতা) জীবাণু আক্রান্ত হওয়ার ভয়ে করমর্দন করতে ইতস্তত করেন। ওই গবেষণায় দেখা যায়, জীবাণু থেকে বাঁচার জন্য ৪৯ শতাংশ আমেরিকান করমর্দনের পরিবর্তে মুষ্টিমর্দনকে বেছে নেন।
ইতিহাসের পরিক্রমায় করোনা মহামরিতে পড়ে করমর্দন তার ঐতিহ্য ও অস্তিত্ব হারাতে বসেছে। খ্রিষ্টপূর্ব পঞ্চম শতাব্দীতে গ্রিসে করমর্দন শান্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। এটা করলে মনে করা হতো, কোনো পক্ষই অস্ত্র বহন করেনি। এ সময় কবরগুলোর এপিটাফে খোদাইকৃতভাবে করমর্দনরত চিত্র দেখা যায়। রোমান যুগে আগ্নেয়াস্ত্র হাতে লুকানো রয়েছে কি না, তা জানতে করমর্দন করা হতো। প্রাচীন রোমান মুদ্রাতেও বন্ধুত্ব এবং আনুগত্যের নিদর্শনস্বরূপ করমর্দনের চিত্র আছে। খ্রিষ্টপূর্ব নবম শতকে অ্যাসিরীয় সম্রাট তৃতীয় শালমানেসেরের শাসনকালের শিলাখণ্ডে দেখা যায় তিনি একজন ব্যাবিলনীয় শাসকের সঙ্গে করমর্দন করছেন। মহাকবি হোমার তাঁর বিখ্যাত মহাকাব্য ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’তে বহুবার শপথ ও অঙ্গীকারের প্রতীক হিসেবে করমর্দনের উল্লেখ করেছেন।
প্রাচীনকালে করমর্দন ছিল বিশ্বাসের প্রতীক। বর্তমানেও সম্মতি ও বিশ্বাসের প্রতীক হিসেবে রাজনৈতিক বা ব্যবসায়িক চুক্তির পর করমর্দন করা হয়। ‘গোল্ডেন হ্যান্ডশেক’ বলে একটা কথা আছে। সরকার কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছায় অবসর গ্রহণের আহ্বান জানালে এবং তাঁরা তা গ্রহণ করলে সেটাকে ‘গোল্ডেন হ্যান্ডশেক’ বলে। দুই দেশের প্রধানদের ভালো সম্পর্ক বোঝাতে যেমন ‘ট্রাম্প-মোদির উষ্ণ করমর্দন’, এমন সংবাদ শিরোনামও হয়। বাংলাদেশেও করমর্দন সামাজিক রীতিনীতির অংশ হয়ে আছে দীর্ঘকাল ধরে।
অত্যন্ত পরিতাপের বিষয়, এ দেশে ছিঁচকে দুর্নীতিবাজেরা করমর্দনের ভঙ্গিতে ঘুষ গ্রহণ করে থাকেন। ইতিমধ্যেই করোনা থেকে রক্ষা পেতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে করমর্দন পরিহার করতে বলেছেন। বাংলাদেশে করোনাসহ যেকোনো সংক্রামক রোগে জীবাণু এবং ঘুষ সংস্কৃতি থেকে রক্ষা পেতে করমর্দন অবশ্যই পরিহার করে কনুইমর্দন, মুষ্টিমর্দন বা পদমর্দনকে অভিবাদন বা শুভেচ্ছার অঙ্গভঙ্গি হিসেবে গ্রহণ করতে হবে। কমবেশি সব দেশেই করমর্দন সম্ভাষণের প্রতীক হিসেবে ব্যবহৃত হলেও করোনাকালে তা পরিত্যাজ্য। বলতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে করমর্দনের দিন শেষ। তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে যাতে সামাজিক সংকট সৃষ্টি না হয়, সেদিকে অবশ্যই সবাইকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখা আর্থসামাজিক, মানবিক, পারিবারিক বা নাড়ির সম্পর্ক ছিন্ন করা নয়। এর অর্থ একে অন্যের থেকে দুই থেকে চার হাত দূরে থাকা, প্রয়োজনে বাসাবন্দী বা ঘরবন্দী থাকা অথবা ঘরে পৃথককরণ (Isolation) করে থাকা। এভাবে সামাজিক দূরত্ব বজায় রাখলে মহামারি অচিরেই শেষ হবে। জেগে উঠবে নতুন মানবিক বিশ্ব।
লেখক: শিক্ষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।