সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা বিতরণ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন প্রকল্পের আওতায় ৫৯০ জন সুবিধাভোগীর মধ্যে গতকাল শুক্রবার প্রায় নয় লাখ টাকা ঋণ ও ভাতা বিতরণ করা হয়েছে। সেনবাগের গাজীরহাট উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস সুবিধাভোগীদের মধ্যে এই ঋণ ও ভাতা বিতরণ করেন। উপজেলার বিভিন্ন এলাকার ২৮টি পরিবারের মধ্যে দুই লাখ ১০ হাজার টাকা, এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় ১১টি পরিবারের মধ্যে এক লাখ ৮০ হাজার টাকা এবং ৫৫১ জন বয়স্কভাতা সুবিধাভোগীর মধ্যে চার লাখ ৯৫ হাজার টাকা বিতরণ করা হয়।সমাজসেবা অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক আবু আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপী দাস, রূপালী ব্যাংকের পরিচালক সৈয়দ আফসানুল আলম প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য দেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, ডমুরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল ইসলাম প্রমুখ।গাজীরহাটে এসএসসি পরীক্ষার কেন্দ্র: এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপী দাস স্থানীয় গাজীরহাট উচ্চবিদ্যালয়ে আগামী বছর থেকে এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন।