সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে সাড়ে ১৯ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তাবেষ্টনী আরও সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি নতুন কিছু সুবিধা যুক্ত করা হয়েছে। গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন এবং মহিলাদের আত্মকর্মসংস্থানে বিশেষ তহবিল।আগামী ২০১০-১১ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো ‘এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন এবং মহিলাদের আত্মকর্মসংস্থান’ তহবিল গঠন করা হয়েছে। এই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে পাঁচ কোটি টাকা।সব মিলিয়ে আগামী ২০১০-১১ অর্থবছরে সামাজিক নিরাপত্তা ও ক্ষমতায়ন খাতে ১৯ হাজার ৪৯৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা উন্নয়ন ও অনুন্নয়ন বাজেটের প্রায় ১৪ দশমিক ৮ শতাংশ। একই সঙ্গে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর সুবিধাপ্রাপ্ত একটি তথ্যভান্ডার গড়ে তোলার পরিকল্পনা দিয়েছেন অর্থমন্ত্রী। যদিও এটি চলতি অর্থবছরের বাজেটেও ঘোষণা করা হয়েছিল, কিন্তু কার্যক্রম শুরু হয়নি।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বৃহস্পতিবার বাজেট প্রস্তাবে বলেন, চলতি ২০০৯-১০ অর্থবছরে বয়স্ক-ভাতার সুবিধাভোগীর সংখ্যা ছিল ২২ লাখ ৫০ হাজার। এ বছর সুবিধাভোগীর সংখ্যা ২৪ লাখ ৭৫ হাজারে উন্নীত করে এ বাবদ ৮৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন তিনি।চলতি অর্থবছরে অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা বাবদ ব্যয় করা হয়েছে ৯৩ কোটি ৬০ লাখ টাকা। আগামী অর্থবছরে এই ভাতায় সুবিধাভোগীর সংখ্যা দুই লাখ ৮৬ হাজারে উন্নীত করে এ বাবদ বরাদ্দ ১০২ কোটি ৯৬ লাখ টাকা রাখার প্রস্তাব করা হয়েছে।চলতি অর্থবছরে ‘দরিদ্র মায়ের মাতৃত্বকালীন ভাতা’ বাবদ বরাদ্দ ছিল ৩৩ কোটি ৬০ লাখ টাকা। আগামী অর্থবছরে এ বাবদ ৪৩ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে শহরে নিম্ন আয়ের কর্মজীবী নারীদের জন্য মাতৃত্বকালীন ভাতা বাবদ ৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। এ ছাড়া ‘মেটারনাল হেলথ ভাউচার স্কিম ও ন্যাশনাল নিউট্রিশন প্রোগ্রাম’-এর জন্য আগামী অর্থবছরে যথাক্রমে ৬৬ কোটি ৪০ লাখ ও ২২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।আগামী ২০১০-১১ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো ‘এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন এবং মহিলাদের আত্মকর্মসংস্থান’ তহবিল গঠন করা হয়েছে। এই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে পাঁচ কোটি টাকা।বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীর জন্য দুস্থ ভাতার বর্তমান সুবিধাভোগীর সংখ্যা নয় লাখ ২০ হাজার। আগামী অর্থবছরে এই ভাতা বাবদ বরাদ্দ ৩৩১ কোটি ২০ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।পথশিশুদের কল্যাণ, এতিম শিশুদের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে চলতি অর্থবছরে মোট বরাদ্দ ছিল ৬৩ কোটি দুই লাখ টাকা। মোট সুবিধাভোগীর সংখ্যা ছিল ৬২ হাজার। ২০১০-১১ অর্থবছরে এই তিন কর্মসূচির জন্য ৭৩ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।চলতি অর্থবছরে ‘প্রতিবন্ধীদের ওয়ান স্টপ সার্ভিস’ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘প্রতিবন্ধীসেবা ও সহায়ক কেন্দ্র’ শীর্ষক একটি কর্মসূচি প্রবর্তন করা হয়েছে। আগামী অর্থবছরে এই খাতে ৩৩ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়।‘খাদ্যের নিরাপত্তা’ অংশে খোলাবাজারে কম মূল্যে খাদ্য বিক্রি, কাজের বিনিময়ে খাদ্য, ভিজিএফ, ভিজিডি, টিআর (খাদ্য), জিআর (খাদ্য) এবং পার্বত্য চট্টগ্রামে খাদ্য-সহায়তার আদলে খাদ্য নিরাপত্তামূলক কার্যক্রমের জন্য বিভিন্ন পরিমাণ খাদ্য বিতরণের বিপরীতে পাঁচ হাজার ৭২৬ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে এক হাজার ১৭৬ কোটি টাকা বরাদ্দ ছিল। প্রথম পর্যায়ে ১৬টি জেলায় প্রায় ছয় লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে সারা দেশে ৬৪টি জেলায় প্রায় ১৭ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী। আগামী বাজেটে এই খাতে ২০১০-১১ অর্থবছরে এক হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।একই সঙ্গে আগামী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ‘দরিদ্র শ্রমজীবী মানুষের কর্মসংস্থান’মূলক গ্রামীণ রাস্তাঘাট মেরামত প্রকল্পে ১৪০ কোটি টাকা, সরকারি সম্পদ সংরক্ষণ, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে ৭৭ কোটি ৬৯ লাখ টাকা, মঙ্গাপীড়িত হতদরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৬৮ কোটি ৪৫ লাখ টাকাসহ চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও কর্মসংস্থানের জন্য এবং বিভিন্ন দারিদ্র্যবিমোচনমূলক প্রকল্পে তিন হাজার ৫৪৬ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় আরও জানান, ভিক্ষাবৃত্তির অবসানের জন্য ভিক্ষুক পুনর্বাসন ও কর্মসংস্থান কার্যক্রম গ্রহণকল্পে ভিক্ষুক জরিপকাজের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে জরিপকাজের জন্য এনজিও নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ২০১০-১১ অর্থবছরেই ভিক্ষুকদের পুনর্বাসন ও কর্মসংস্থানের লক্ষ্যে ইতিমধ্যে গৃহীত কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরুর আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।