কক্সবাজারে অভিভাবক সমাবেশে জেলা ও দায়রা জজ
সামাজিক নিরাপত্তার জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি
কক্সবাজারের জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার বলেছেন, অপসংস্কৃতি ও তথ্যপ্রযুক্তির অপব্যবহারের কারণে তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে। অনেকে মাদকে আসক্ত হচ্ছে, স্কুল-কলেজে পড়ুয়া মেয়েরা ইভ টিজিংয়ের শিকার হচ্ছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবার আগে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।
গতকাল রোববার সকালে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি মাঠে আয়োজিত শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা ও দায়রা জজ। সমাবেশে পাঁচ শতাধিক অভিভাবকসহ হাজারো শিক্ষার্থী উপস্থিত ছিল।
মো. সাদিকুল ইসলাম তালুকদার বলেন, যৌতুক ও ভিক্ষাবৃত্তি একে অপরের পরিপূরক। যৌতুক খুনের চেয়েও ভয়াবহ। যৌতুক ও বাল্যবিবাহ নিয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ইভ টিজিংসহ যেকোনো সমস্যায় শিক্ষার্থীদের সব সময় সহযোগিতা দিতে তিনি প্রস্তুত।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. ছৈয়দ করিম, আইনজীবী জাফর উল্লাহ, রাবেয়া বশরী, শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ, সাংবাদিক তোফায়েল আহমদ, আব্দুল কুদ্দুস, শিক্ষার্থী নিলয় দে, সুজন বড়ুয়া প্রমুখ।
এম এম সিরাজুল ইসলাম বলেন, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার কাজ করছে। এ ব্যাপারে অভিভাবকদের আরও সহযোগিতা চেয়েছেন তিনি।