সামাজিক নিরাপত্তাহীনতায় ৪৭ শতাংশ কিশোরী বাল্যবিবাহের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক নিরাপত্তাহীনতার কারণে দেশের ৪৭ শতাংশ কিশোরী বাল্যবিবাহের শিকার হচ্ছে। অপরিণত বয়স হওয়ায় পরে কিশোরীরা নিজেরা শারীরিক ও সামাজিক সংকটে পড়ার পাশাপাশি সমাজেও সংকট সৃষ্টি হয়ে থাকে। গতকাল শনিবার বান্দরবানে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যবিষয়ক কর্মশালায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের (কেএসআই) মিলনায়তনে বেলা ১১টায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। আরও বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শরিফুল ইসলাম লস্কর, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সৈয়দ আবু জাফর মো. মুসা, পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগের পরিচালক কাজী শফিউল আলম, উপপরিচালক উখ্যে উইন, সিভিল সার্জন মং তেঝ রাখাইন প্রমুখ। সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোহামঞ্চদ শরীফ। কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যের শারীরিক ও মানসিক বিভিন্ন জটিল বিষয় সম্পর্কে তুলে ধরেন ইসরাত জাহান। এতে তিনি বলেছেন, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ সরকারি সব কেন্দ্রে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবার ব্যবস্থা রয়েছে। কিন্তু অধিকাংশ মানুষের তা জানা নেই এবং কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য সম্পর্কে ধারণাও নেই। জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক-শিক্ষিকা, ধর্মীয় পুরোহিতরা কর্মশালায় অংশগ্রহণ করেন। জেলা পরিষদের সদস্য কাজী মজিবর রহমান বলেছেন, বান্দরবানে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক না থাকায় মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, চিকিৎসকদের যাঁরা পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা, তাঁদের এ অঞ্চলে পদায়ন করা দরকার।