সামাজিক ন্যায় ও সুশাসনই দেশকে রক্ষা করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মারক বক্তৃতা অনুষ্ঠানে শামসুজ্জামান খান l প্রথম আলো
স্মারক বক্তৃতা অনুষ্ঠানে শামসুজ্জামান খান l প্রথম আলো

বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেছেন, সামাজিক ন্যায় ও সুশাসনই দেশকে রক্ষা করতে পারে। এ ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা দেশ রক্ষার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যে দেশ ধর্মের হানাহানিতে বিভক্ত, সে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সব সময়ই ঝুঁকির মুখে থাকে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামে ষষ্ঠ আবুল ফজল স্মারক বক্তৃতা অনুষ্ঠানে শামসুজ্জামান খান এসব কথা বলেন। নগরের নন্দনকানন এলাকায় এ কে খান ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ‘বাঙালির সমাজ সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তা’ শীর্ষক লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেনের সভাপতিত্বে স্মারক বক্তৃতা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক মাহবুবুল হক ও অধ্যাপক মুহাম্মদ গোলাম মুস্তাফা। বক্তৃতা পর্ব শুরুর আগে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রক্তকরবীর শিল্পীরা।
স্মারক বক্তৃতায় শামসুজ্জামান খান বলেন, স্বৈরশাসক জিয়া-এরশাদ এবং পাকিস্তানের গোপন দোসর মোশতাক ও তাঁদের সাঙ্গপাঙ্গরা মিলে বাংলাদেশের মূল স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবকে শুধু হত্যাই করেনি, রাষ্ট্রের মূলনীতি পরিবর্তন করে একে একটি পাকিস্তানি ধাঁচের ধর্মপ্রবণ পশ্চাৎপদ রাষ্ট্রে পরিণত করেছে। বঙ্গবন্ধু পুরো বাঙালি জাতিকে চার মূল রাষ্ট্রনীতির পেছনে সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ করে তুলেছিলেন। বিপরীতে ওই তিন শাসক বঙ্গবন্ধু সরকারের দেওয়া সংবিধানকে কাটাছেঁড়া করে কলুষিত করেছেন। তাঁরা এর মাধ্যমে জাতিকে দুটি ক্ষতিকর ভাগে বিভক্ত করে ফেলেন। এর বিষাক্ত প্রতিক্রিয়ায় বাংলাদেশকে দুঃশাসন, সামরিক ও ছদ্ম সামরিক স্বৈরাচারের মৃগয়া ক্ষেত্রে পরিণত করা হয়।
শামসুজ্জামান খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী চক্র নানা চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রকে তার জন্ম-ইতিহাসের স্বাভাবিক গতিপথে বিকশিত হতে দেয়নি। এ জন্যই দুর্বৃত্তায়ন, দুঃশাসন, স্বৈরাচার ও জঙ্গিবাদের বাড়-বাড়ন্ত হয়েছে। ধর্ম ব্যবসায়ী বা উগ্র ধর্মীয় জঙ্গি ও তাদের মদদদাতারাই বাংলাদেশকে চক্রান্ত ও ষড়যন্ত্রের বৃত্ত থেকে বের হতে দিচ্ছে না। বাংলাদেশ রাষ্ট্রের মূল সংকট এখানেই। এদের চিরতরে দমন এবং স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে শাস্তি দিতে না পারলে বাংলাদেশ বিপদমুক্ত হবে না।
অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, অধ্যাপক আবুল ফজলের সামাজিক ভূমিকা এত প্রবল ছিল যে একসময় তিনি চট্টগ্রামের অভিভাবক হয়ে উঠেছিলেন। তিনি শুধু লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন না, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে আমৃত্যু সক্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধের আগ মুহূর্তে লালদীঘি ও প্যারেড ময়দানের সমাবেশে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং জনগণকে উজ্জীবিত করেছিলেন।