
‘আমরা বাল্যবিবাহ চাই না। এতে একটি শিশু আরেকটি শিশুর জন্ম দেয়। আর কখনোই একটি শিশু ভালো মা হতে পারে না। এতে দেশ ক্ষতিগ্রস্ত হবে।’ কথাগুলো দশম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তারের। পাশ থেকে আরেক কিশোরী রিমা হোসেন বলে, ‘আমরা পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হতে চাই। তারপরে বিয়ে নিয়ে ভাবব। আর বিয়ের সিদ্ধান্ত আমরা নিজেরাই নিতে চাই।’
বাল্যবিবাহ নিরোধ আইনের প্রস্তাবিত ‘বিশেষ ধারা’ বাতিলের দাবিতে আয়োজিত সমাবেশে আসা কিশোরীরা এভাবেই বাল্যবিবাহের কুফল সম্পর্কে এই প্রতিবেদককে বলল।
মায়েরাও এসব কিশোরীর সঙ্গে একমত। মিরপুর থেকে এসেছেন ৪৫ বছর বয়সী রিজিয়া আক্তার। তিনি বলেন, ‘১৮ বছরের আগে স্বামীর ঘর করার জন্য একটি মেয়ের শরীরও গঠন হয় না। তা ছাড়া শ্বশুরবাড়িতে সে কোনো মতামতও দিতে পারবে না। আর পড়াশোনা তো লাটে উঠবে।’ আরেক মা পারুল বেগম বলেন, ‘কম বয়সে বিয়ে হওয়ায় আমার স্বপ্ন পূরণ হয়নি। সরকারের এই সিদ্ধান্তে হাজারো মেয়ের স্বপ্ন ভেঙে যাবে।’
গতকাল বুধবার শহীদ মিনারে ‘শর্তমুক্ত’ বাল্যবিবাহ নিরোধ আইনের দাবিতে এই সমাবেশের আয়োজন করে সামাজিক প্রতিরোধ কমিটি। এতে দেশের ৬৯টি নারী, মানবাধিকার ও বেসরকারি সংস্থা এবং পাঁচটি জোট অংশ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, কোনো পরিস্থিতিতেই ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে হতে পারে না। নীতিনির্ধারকেরা একদিকে নারীর ক্ষমতায়নের কথা বলছেন, অন্যদিকে তাদের পশ্চাৎপদতার দিকে নিয়ে যাওয়ার পথ তৈরি করছেন। ১৮ বছরের আগে একটি মেয়ের বিয়ে হলে জীবন গড়ার সুযোগই থাকছে না। এটা দেশের জন্যও ভালো নয়। পাশাপাশি নারীর সব অর্জন এতে ম্লান হয়ে যাবে। অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়বে।
মেয়েদের বিয়ের বয়স কমপক্ষে ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর রেখে গত নভেম্বরে ‘বাল্যবিবাহ নিরোধ আইন’ অনুমোদন দেয় মন্ত্রিসভা। এতে বিশেষ ক্ষেত্রে সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশ এবং মা-বাবার সম্মতিতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরও বিয়ের সুযোগ রয়েছে। ৮ ডিসেম্বর আইনটি বিল আকারে সংসদে উত্থাপিত হয়। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিশেষ বিধান বাতিলের সঙ্গে একাত্মতা জানিয়ে সমাবেশে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, ‘বাল্যবিবাহের বিশেষ ধারা বাতিলে আমাদের সমাবেশ করতে হচ্ছে, এর চেয়ে দুঃখের কিছু নেই। নারীর অগ্রযাত্রা ব্যাহত হয় এমন কোনো সিদ্ধান্ত সরকারের নেওয়া উচিত নয়। পাঠ্যপুস্তকেও প্রকটভাবে লিঙ্গবৈষম্য উঠে আসছে, যা কাম্য নয়। কোনো পরিস্থিতেই ১৮-এর আগে মেয়েদের বিয়ে নয়।’
আইনটি যুগোপযোগী করার উদ্যোগটি প্রশংসনীয় বলে মত দেন বক্তারা। তবে বক্তারা সেখানে কোনো বিশেষ ধারা থাকতে পারে না বলে মনে করেন। তাঁরা বলেন, এতে অভিভাবকও মেয়েকে কম বয়সে বিয়ে দিতে উৎসাহী হবেন, অপরাধীরাও এর সুযোগ নেবে। যৌন নির্যাতনের ঘটনা বাড়বে। এই ধারা সংবিধান, নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ (সিডও) সনদ ও শিশু অধিকার সনদের সঙ্গেও সাংঘর্ষিক।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, নারী যখন রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে হিমালয় জয় করছে, তখন সরকারের এ কেমন সিদ্ধান্ত। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে মেয়েদের সম্ভাবনা শেষ হয়ে যায়। তাই সরকারকে ‘শর্তমুক্ত’ বাল্যবিবাহ নিরোধ আইন পাস করতে হবে।
সমাবেশে আরও বক্তৃতা করেন বেসরকারি সংস্থার প্রতিনিধি সালমা আলী, রোকেয়া কবীর, শাহীন আনাম, বদিউল আলম মজুমদার, খুশী কবির, ফারাহ কবীরসহ অনেকেই।
সমাবেশে ‘বিশেষ ধারা’ বাতিলের দাবিতে প্ল্যাকার্ডসহ কিশোরীরা ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।