সামাজিক বনায়নের গাছ আবার কাটা হচ্ছে

মুন্সিগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া-দিঘিরপাড় সড়কের পাশের সামাজিক বনায়নের গাছ আবার কেটে ফেলা হচ্ছে। স্থানীয় একটি মহল তিন-চার দিনে প্রায় ৫০টি গাছ কেটেছে।
দেড় বছর আগে উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) রামশিং থেকে মদিনা বাজার পর্যন্ত তিন কিলোমিটার সড়কের পাশের গাছ একই মহল কাটা শুরু করে। তখন প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রশাসনের হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ করা হয়।
গতকাল মঙ্গলবার সরেজমিনে রামশিং এলাকায় দেখা গেছে, একদল শ্রমিক গাছ কাটছেন। সড়কের রামশিং থেকে ভাঙ্গা যুব উন্নয়ন কমপ্লেক্স পর্যন্ত ১৫-২০টি গাছ কাটা হয়েছে।
বন বিভাগের মুন্সিগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে বন বিভাগ সামাজিক বনায়নের এসব গাছ দরপত্রের মাধ্যমে ৩০ লাখ টাকায় চারজনকে দেওয়া হয়। তাঁরা হলেন দেলোয়ার হোসেন, গাজী আফসার, মিন্টু ভূঁইয়া ও কবির আহমেদ। দেড় বছর আগে তাঁরা বন বিভাগ থেকে অনুমতি নিয়ে গাছ কাটা শুরু করেছিলেন। তখন প্রথম আলোতে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এ ছাড়া এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দেয়। এই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন গাছ কাটা বন্ধ করে দেয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গাছ কাটার বিরুদ্ধে বন মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায়। সেই থেকে গাছ কাটা বন্ধ ছিল।
আবার গাছ কাটা শুরু হওয়া প্রসঙ্গে বন বিভাগের মুন্সিগঞ্জ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের বলেন, বন মন্ত্রণালয় থেকে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় গাছগুলো কাটার অনুমতি দেওয়ার জন্য জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়। সেই চিঠি পেয়ে জেলা প্রশাসক গাছ কাটার অনুমতি দিয়েছেন। এরপর আবার গাছ কাটা শুরু হয়েছে।
এ বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, ‘বন বিভাগ থেকে আবার গাছ কাটার অনুমতি পাওয়ার পর গাছ কাটছি। আমার সঙ্গে অন্যরাও গাছ কাটছেন।’
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বলেন, বন মন্ত্রণালয়ের এমন কোনো চিঠি পেয়েছেন বলে তাঁর মনে পড়ছে না।