সামাজিক বনায়নের গাছ কাটলেন আ.লীগ নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা চরকাছিয়া গ্রামে বেসরকারি সংস্থা প্রশিকার সামাজিক বনায়নের ৭৩টি গাছ কেটে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এই অভিযোগে গত শুক্রবার রাতে প্রশিকার রায়পুর কার্যালয়ের ব্যবস্থাপক রায়পুর থানার জাকির হোসেনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে গতকাল রোববার প্রশিকার ব্যবস্থাপক মুজিবুর রহমানের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও প্রশিকা কার্যালয় সূত্র জানায়, চরকাছিয়া গ্রামের খলিফা বাজার থেকে মোবারক মাস্টারের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তা বনায়নের জন্য ১৯৯৮ সালে প্রশিকাকে বরাদ্দ দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়। বরাদ্দ পাওয়ার পর প্রশিকা রাস্তার পাশের বাসিন্দাদের (সুফলভোগী) নিয়ে সামাজিক বনায়ন করে। গত ২০-৩০ দিন ধরে জাকির হোসেনের লোকজন ৭৩টি গাছ কেটে নিয়ে যায়। এসব গাছের মূল্য কমপক্ষে তিন লাখ টাকা। প্রশিকার ব্যবস্থাপক মুজিবুর রহমান জানান, গাছ কেটে নিয়ে গেলে প্রশিকার পক্ষ থেকে ইউএনওর কাছে অভিযোগ করা হয়। তিনি বন কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। উপজেলা বন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে গাছকাটার সত্যতা পেয়ে প্রতিবেদন দেন। পরে ইউএনওর নির্দেশে থানায় মামলা করা হয়। তিনি বলেন, ‘মামলার পর জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠে। তিনি আমার মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।’ জাকির হোসেন মোল্লা বলেন, ‘ওই রাস্তার পাশে আমার তিন একর জমি রয়েছে। গাছগুলো আমার জমির ওপর। এ জন্য কেটে নিয়েছি।’ তবে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা হাজীমারা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক বলেন, গাছগুলো উদ্ধারের চেষ্টা চলছে। আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।