সামাজিক বনায়নের গাছ কেটে ফেললেন ছাত্রলীগ নেতা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরে গতকাল মঙ্গলবার সড়কের পাশে সামাজিক বনায়নের সাতটি গাছ কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদুল আলমের জড়িত থাকার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে শাহেদুল আলমের উপস্থিতিতে কমলগঞ্জ ডিগ্রি কলেজসংলগ্ন বেইলি ব্রিজ এলাকার সামাজিক বনায়নের সাতটি আকাশমণি গাছ কেটে ফেলা হয়। খবর পেয়ে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা আবদুল মতিন ঘটনাস্থলে গিয়ে গাছগুলো উদ্ধার করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে যান। যোগাযোগ করা হলে ছাত্রলীগের নেতা শাহেদুল আলম গাছ কাটার কথা স্বীকার করে বলেন, সাম্প্রতিক ঝড়ে গাছগুলোর মাথা ভেঙে পড়েছিল। গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল বলে তিনি কেটেছেন।সামাজিক বনায়ন উপকারভোগী সমিতির সভাপতি আবদুল বাছিত বলেন, ক্ষতিগ্রস্ত গাছ কাটতে হলেও বন বিভাগের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। রেঞ্জ কর্মকর্তা আবদুল মতিন গাছ কেটে ফেলার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে তিনি গাছগুলো উদ্ধার করেছেন। সার্বিক বিষয়টি জেলা প্রশাসককে জানানো হবে।