সামাজিক বনায়নের গাছ বিক্রির দরপত্রে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলায় উপকূলীয় বন বিভাগের খাড়া গাছ বিক্রির দরপত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে উপকারভোগী ও জনপ্রতিনিধিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এই অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। তাঁরা অবিলম্বে দরপত্র বাতিল করে পুনরায় প্রকাশ্যে দরপত্র আহ্বান করে প্রতিযোগিতার মাধ্যমে গাছ বিক্রির দাবি জানিয়েছেন। নাম গোপন রাখার শর্তে লক্ষ্মীপুরা গ্রামের একজন উপকারভোগী বলেন, ‘১০-১৫ বছর ধইর‌্যা নিজের সন্তানের মতো আদর-যত্ন কইর‌্যা গাছগুলারে মোরা রক্ষা করছি। এহন হ্যারা (বন কর্মকর্তারা) পানির দামে এই গাছ নিলামে দিয়া নিজেগো পকেট ভরবে, আর মোরা চাইয়্যা দেকমু। এইডা ক্যামন বিচার কন?’ বন বিভাগের বেতাগী কার্যালয় সূত্র জানায়, পটুয়াখালী বন বিভাগের সামাজিক বনায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন (এসএফপিসি) প্রকল্পের আওতায় লাগানো উপজেলার লক্ষ্মীপুরা, জগাইখালী ও গড়িয়াবুনিয়া এলাকার প্রায় ২৫ কিলোমিটার বাঁধের আকাশমণি, রেইনট্রি, শিশু ও বাবলাগাছ, জ্বালানি ও গোলকাঠের লট বিক্রির জন্য গত ৩০ মে দরপত্র আহ্বান করে বন বিভাগ। ৩ জুন দরপত্র জমাদান শেষ এবং ৪ জুন পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে রক্ষিত দরপত্র বাক্স খোলা হয়। প্রায় সাড়ে ৩০০ ঠিকাদার এই কাজ পেতে দরপত্র শিডিউল জমা দেন।ঠিকাদারদের অভিযোগ, দরপত্রে ৬৭টি গ্রুপের কথা উল্লেখ থাকলেও ৪০টি গ্রুপের দরপত্র ফরম প্রকাশ্যে বিক্রি করা হয় সংশ্লিষ্ট ঠিকাদারদের কাছে। বাকি ২৭টি গ্রুপের দরপত্র গোপন রাখা হয়। পরে ওই ২৭ গ্রুপের দরপত্রে সর্বোচ্চ দরদাতা হিসেবে বেতাগী পৌর এলাকার বাসিন্দা আবদুর রহিম ও জাহাঙ্গীর আলমের নামে কার্যাদেশ দেওয়া হয়।সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, বিপুল আর্থিক সুবিধার বিনিময়ে প্রায় কোটি টাকা মূল্যের গাছ মাত্র ১০ লাখ টাকায় ওই দুজনের নামে বরাদ্দ দেওয়া হয়। ৪ জুন দরপত্র বাক্স খোলার সময় কাউকে রাখা হয়নি। দরপত্রদাতারা এ সময় সেখানে ঢুকতে চাইলেও তাঁদের বাধা দেওয়া হয়। পরে দরপত্র বাক্স খোলার পর তাঁরা জানতে পারেন, ৪০ গ্রুপের সঙ্গে আরও ২৭ গ্রুপের দরপত্র মিলিয়ে আবদুর রহিম ও জাহাঙ্গীর আলমের নামে ওই ২৭ গ্রুপের কার্যাদেশও প্রস্তুত করা হয়েছে। বেতাগী পৌরসভার মেয়র আলতাফ হোসেন বিশ্বাস বলেন, ওই দরপত্রে নজিরবিহীন অনিয়ম হয়েছে এবং কয়েক কোটি টাকার গাছ নামমাত্র মূল্যে নিলামে দেওয়া হয়েছে। এই অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের যথাযথ শাস্তি ও পুনরায় প্রকাশ্যে দরপত্র আহ্বান করে প্রতিযোগিতার মাধ্যমে এসব গাছ বিক্রির দাবি জানান তিনি।২৭ গ্রুপের সর্বোচ্চ দরদাতা বিবেচিত ঠিকাদার আবদুর রহিম বলেন, ‘আমি বেতাগী থেকেই দরপত্র ফরম কিনেছি। শুনেছি, আমরা দুজন সর্বোচ্চ দরদাতা বিবেচিত হয়েছি। কিন্তু এখনো কার্যাদেশ হাতে পাইনি।’বেতাগী উপজেলা বন বিভাগের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা আবু ওবায়দুল মিয়া ২৭ গ্রুপের দরপত্র গোপন করার কথা স্বীকার করে বলেন, বিশেষ মহলের চাপে তাঁকে এ অনিয়মের আশ্রয় নিতে হয়েছে। তবে এই বিশেষ মহল কারা তা তিনি বলেননি।পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায় বলেন, দরপত্রে অনিয়ম হয়েছে এ মর্মে কোনো অভিযোগ তিনি পাননি। অনিয়ম হয়ে থাকলে তা বাতিল করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।