সামাজিক বনায়নের চারা নষ্ট করল দুর্বৃত্তরা
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি অভয়ারণ্যে সামাজিক বনায়নের জন্য সৃজিত চারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ছাড়া দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে নষ্ট হয়েছে অনেক চারা গাছ। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, চুনতি অভয়ারণ্যের ২৫ হেক্টর জায়গায় সামাজিক বনায়নের জন্য খাচার পুকুর এলাকার একটি নার্সারিতে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা সৃজন করা হচ্ছে। রোববার দিবাগত রাতে ওই নার্সারি প্রকল্পের ৫০ হাজার আকাশমণি চারার মধ্যে ৩৫ হাজার গাছের গোড়ায় লবণ-পানি ঢেলে দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া পাঁচ হাজার বহেড়াগাছের চারা কেটে ফেলা হয়। লবণ-পানি মিশিয়ে দেওয়া হয় ১২ হাজার চিকরাশিগাছের চারার গোড়ায়। এ ছাড়া দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যায় প্রায় এক হাজার জলপাইগাছের চারা।
স্থানীয় বিট কর্মকর্তা আবদুল মতিন বলেন, এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চুনতি অভয়ারণ্যের সহকারী বন সংরক্ষক কাজল তালুকদার জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।