সামাজিক বনায়নের দেড় লাখ চারাগাছ কর্তন!
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের জঙ্গল নিচিন্তাপুর এলাকা থেকে সামাজিক বনায়নের দেড় লাখ চারাগাছ কেটে ফেলা হয়েছে।স্থানীয় একাধিক সূত্র জানায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ ২০০০ সালে সামাজিক বনায়নের আওতায় কোদালা বন বিটের সংরক্ষিত বনাঞ্চলের জঙ্গল নিচিন্তাপুর এলাকায় বনায়ন সৃজন করে। সেখানে সেগুন, গামারি, আকাশমণিসহ নানা প্রজাতির বনজ গাছ রোপণ করা হয়। প্রতিটি গাছের দাম এখন দুই থেকে তিন হাজার টাকা।এলাকাবাসী জানান, ইটভাটার মালিকেরা সামাজিক বনায়নের এসব গাছ কিনে নিয়েছেন। তাঁরা গত ১০-১১ দিনে প্রায় সাত থেকে আট হেক্টর জমির চারা গাছ কেটে ফেলেছেন। এসব গাছ টুকরো করে গাড়িযোগে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। এরই মধ্যে কাটা গাছের অর্ধেক ইটভাটায় নিয়ে যাওয়া হয়েছে। সামাজিক বনায়নের অংশীদার মো. ইউসুফ জানান, তাঁরা ছয়জন অংশীদার মিলে এক হেক্টর জমির চারা গাছ বিক্রি করেছেন। সেখান থেকে পাওয়া আট লাখ টাকার মধ্যে কোদালা বন বিট কর্মকর্তাকে অর্ধেক টাকা দিয়ে দিয়েছেন। তিনি বলেন, বনকর্মীরা গাছ কাটার কাজ তদারকি করছেন। রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বিট কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, জঙ্গল নিচিন্তাপুর থেকে গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষকও এ সময় উপস্থিত ছিলেন। কিন্তু পরিদর্শনের সময় গাছ কাটার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। তিনি আরও জানান, অংশীদারদের মধ্যে বিরোধ সৃষ্টি হওয়ায় তাঁরা গাছগুলো বিক্রি করে দিয়েছেন, যা ক্রেতারা কেটে নিয়ে যাচ্ছেন। গাছ বিক্রির সঙ্গে বন বিভাগের কোনো যোগসাজশ নেই। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কর্মকর্তা জহুরুল হক প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অংশীদারদের বিরোধ মেটানোর চেষ্টা করেছি। এতে ব্যর্থ হওয়ায় গাছ কাটা প্রতিরোধে টহল জোরদার করা হয়েছে। এর পরও গাছ কাটা হলে আমরা ব্যবস্থা নেব।’